হোম > খেলা > ক্রিকেট

এশিয়ান গেমস ফাইনালের আগে ভারতকে স্বস্তি দিলেন নাকভি

ক্রীড়া ডেস্ক    

মহসিন নাকভি। ছবি: সংগৃহীত

এশিয়ান গেমস ক্রিকেটের ফাইনালের আগে ভারতকে স্বস্তি দিলেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি মহসিন নাকভি। আগামীকাল সকাল সাড়ে ১০টায় নিশিনের করোগি স্পোর্টস পার্কে শিরোপার লড়াইয়ে নামবে ভারত ও পাকিস্তান। সে ম্যাচে থাকছেন না নাকভি।

পূর্বনির্ধারিত ব্যস্ততার কারণে ফাইনাল ম্যাচে নাকভি উপস্থিত থাকতে পারবেন না বলে জানিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।

সামাজিক মাধ্যমে দেওয়া বার্তায় এসিসি লেখেছে, ‘এশিয়ান গেমস ২০২৬ এর ফাইনালের দিনে পূর্বনির্ধারিত ব্যস্ততার কারণে উপস্থিত থাকতে পারবেন না সভাপতি মোহসিন নাকভি। তবে স্বর্ণ ও ব্রোঞ্জ পদকের ম্যাচের আগে চার দলের প্রতিই তিনি আন্তরিক শুভকামনা জানিয়েছেন।’

নিজের বার্তাতেও বিষয়টি নিশ্চিত করেছেন নাকভি, ‘এশিয়ান গেমস ২০২৬ এর স্বর্ণ ও ব্রোঞ্জ পদকের ম্যাচে অংশ নেওয়া সবাইকে শুভকামনা। পূর্বনির্ধারিত ব্যস্ততার কারণে নাগোয়ায় থাকতে পারব না। তবে দারুণ কিছু রোমাঞ্চকর লড়াই দেখার অপেক্ষায় থাকব।’

নাকভির অনুপস্থিতির বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সাম্প্রতিক এশিয়া কাপের দুটি ঘটনার কারণে। গত বছর পুরুষদের এশিয়া কাপ জেতার পর নাকভির কাছ থেকে ট্রফি গ্রহণ করেনি ভারতীয় দল। চলতি বছর নারী এশিয়া কাপ জেতার পরও একই অবস্থান নেয় ভারতের নারী দল।

নাকভি এসিসির সভাপতি হওয়ার পাশাপাশি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যানও। ফলে ভারত ও পাকিস্তানের ফাইনালের পর পদক বিতরণী অনুষ্ঠানে তাঁর উপস্থিতি নিয়ে আগ্রহ তৈরি হয়েছিল। তবে এবার নাকভি না থাকায় চ্যাম্পিয়ন হলে শিরোপা নিতে কোনো আপত্তি থাকবে না ভারতীয় দলের।

ভারত-পাকিস্তানের ফাইনালের পাশাপাশি ব্রোঞ্জ পদকের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।