হোম > খেলা > ক্রিকেট

একই রানেই নিউজিল্যান্ডের ৩ উইকেট ফেলল ভারত, এগিয়ে কারা

ক্রীড়া ডেস্ক    

প্রথম দিনেই নিউজিল্যান্ডের ৫ উইকেট ফেলে দিয়েছে ভারত। ছবি: ক্রিকইনফো

চোখের পলকে ১ উইকেটে ১১০ রান থেকে ৪ উইকেট ১১০ রান—ক্রাইস্টচার্চে আজ দ্বিতীয় টেস্টে নিউজিল্যান্ডের এমন পরিণতি হয়েছিল। গ্যালারিতে থাকা প্রবাসী ভারতীয় দর্শকেরা উদযাপন করলেও নিউজিল্যান্ডের দর্শকদের স্বাভাবিকভাবেই মন খারাপ থাকার কথা। কিন্তু কিউই মিডল অর্ডাররা বিপদে হাল ধরেছেন। দ্রুত উইকেট পতনের পর ধস থামিয়েছেন।

ওয়েলিংটনে ভারত-নিউজিল্যান্ড সিরিজের প্রথম টেস্ট ড্র হয়েছে। পাঁচ দিনের লড়াই শেষে যখন কোনো ফল আসেনি, তখন দ্বিতীয় টেস্ট হয়ে যায় সিরিজ নির্ধারণী। ক্রাইস্টাচার্চে আজ দ্বিতীয় টেস্টের প্রথম দিনে ভারতের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৫ উইকেট হারিয়ে ফেলেছে কিউইরা। প্রথম দিন শেষে স্বাগতিকদের স্কোর ৫ উইকেটে ২৪২ রান। উইকেটরক্ষক টম ব্লান্ডেল ৫৩ রানে অপরাজিত। গ্লেন ফিলিপস ৩৬ রানে ব্যাটিং করছেন।

টস জিতে দ্বিতীয় টেস্টেও ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় অধিনায়ক শুবমান গিল। দুই ওপেনার ডেভন কনওয়ে-টম ল্যাথাম ধীরস্থির ব্যাটিং করতে থাকেন। ২৬তম ওভারের শেষ বলে কনওয়েকে (৩১) এলবিডব্লুর ফাঁদে ফেলেন গুরুনুর ব্রার। টেস্ট অভিষেকে প্রতিপক্ষ দলের প্রথম উইকেটটাই পেয়ে গেলেন ব্রার। তাতে ভেঙে যায় কনওয়ে-ল্যাথামের ১৫৯ বলে ৭৭ রানের উদ্বোধনী জুটি।

তিন নম্বরে ব্যাটিংয়ে নামেন হেনরি নিকোলস। তবে দ্বিতীয় উইকেটে ল্যাথামের সঙ্গে কেবল ৩৩ রানের জুটি গড়তে পেরেছেন। ৪২তম ওভারের তৃতীয় বলে ল্যাথামকে ফেরান আকাশ দ্বীপ। ১২৮ বলে ৬ চারে ৫৯ রান করেন ল্যাথাম। কিউই অধিনায়ক ফেরার পর ৪৪ ওভারে ৪ উইকেটে ১১০ রানে পরিণত হয় স্বাগতিকেরা।