হোম > খেলা > ক্রিকেট

স্যান্ডপেপার-কাণ্ডে পুরোনো বিতর্ক উসকে দিলেন ডি ভিলিয়ার্স

ক্রীড়া ডেস্ক    

ডি ভিলিয়ার্স। ছবি: সংগৃহীত

২০১৮ সালের স্যান্ডপেপার-কাণ্ড নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের বক্তব্যে। এবার সেই বিতর্কে মুখ খুলে অস্ট্রেলিয়ার পুরো দল বল টেম্পারিংয়ের পরিকল্পনা সম্পর্কে জানত বলে দাবি করেছেন এবি ডি ভিলিয়ার্স।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২০১৮ সালের সেই বিতর্কিত সিরিজে মাঠে ছিলেন ডি ভিলিয়ার্স। সম্প্রতি উসমান খাজা ও ক্যামেরন ব্যানক্রফটের নতুন অভিযোগের পর স্যান্ডপেপার কাণ্ড নিয়ে নিজের অবস্থান তুলে ধরেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক। তাঁর বিশ্বাস, কেপটাউন টেস্টের আগেও বল টেম্পারিংয়ের ঘটনা ঘটেছিল।

নিজের ইউটিউব চ্যানেলে ডি ভিলিয়ার্স বলেন, ‘আমি কাউকে দোষারোপ করতে কিংবা একজন সঠিক, অন্যজন ভুল, এমন কিছু বলতে এখানে আসিনি। কয়েকটি বিষয়ে আমার দৃঢ় মতামত আছে, যেগুলো হয়তো এখানে প্রকাশ করব।’

খাজার আত্মজীবনী প্রকাশ নিয়েও মন্তব্য করেছেন ডি ভিলিয়ার্স। বই প্রকাশের বিষয়ে আপত্তি না থাকলেও সময়টা তাঁর কাছে কিছুটা অদ্ভুত মনে হয়েছে, ‘উসমান, তার বই প্রকাশ করায় কোনো সমস্যা নেই। তবে এখন ২০২৬ সাল, সেই বিবেচনায় সময়টা কিছুটা অদ্ভুত।’

এই বিতর্ক সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য বিষয়টি এখন বেশ ব্যক্তিগত হয়ে উঠেছে বলে মনে করেন ডি ভিলিয়ার্স। তাঁদের প্রতি সহানুভূতিও প্রকাশ করেছেন তিনি। তবে সেদিন যা ঘটেছিল, কিংবা তার আগে আরও কতগুলো ম্যাচে এমন ঘটনা ঘটেছে, সেসবের প্রতি কোনো সহানুভূতি নেই তাঁর।

পোর্ট এলিজাবেথে বল টেম্পারিংয়ের ঘটনা স্বীকার করার পাশাপাশি ডারবানেও একই কাজ হয়েছিল বলে দাবি করেছেন ডি ভিলিয়ার্স। তিনি বলেন, ‘আমি দেখছি, সবাই এখন স্বীকার করছে পোর্ট এলিজাবেথেও এমনটা হয়েছিল। আমি খুব দৃঢ়ভাবে বলতে পারি, ডারবানেও একই ঘটনা ঘটেছিল। ফুটেজগুলো দেখুন। এ ব্যাপারে আমার মনে কোনো সন্দেহ নেই।’

ডি ভিলিয়ার্সের মতে, স্যান্ডপেপার ব্যবহার সম্পর্কে দলের খেলোয়াড়েরা জানতেন কি না, এখন সেই প্রশ্নে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। অথচ মূল বিষয়টি আড়ালে থেকে যাচ্ছে। তাঁর মতে, দলের সবাই জানতেন নিয়ম ভেঙে অবৈধ কিছু করার পরিকল্পনা ছিল।

ডি ভিলিয়ার্স বলেন, ‘অদ্ভুত ব্যাপার হলো, এখন সবাই স্যান্ডপেপার নিয়ে কথা বলছে। কে জানত, কে জানত না, এসব প্রশ্ন উঠছে। কিন্তু মূল বিষয় হলো, সবাই জানত তারা নিয়মের সীমা অতিক্রম করে অবৈধ কিছু করতে যাচ্ছে। এই বিষয়টাই সবাই এড়িয়ে যাচ্ছে। আমরা কেন ব্যবহৃত বস্তুটি নিয়ে এত চিন্তিত? আসল ঘটনা হলো, মাঠে অবৈধ কিছু করার পরিকল্পনা আগে থেকেই করা হয়েছিল।’