হোম > খেলা > ক্রিকেট

সেঞ্চুরিয়নে বৃষ্টি বাধা, খেলা শুরু হবে কখন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রথম টেস্ট হারলেও সে হতাশা নেই ক্রিকেটারদের চোখেমুখে। অনুশীলনে বেশ চনমনেই ছিলেন শান্তরা। ছবি: বিসিবি

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় টেস্ট শুরুর আগে হানা দিয়েছে বৃষ্টি। বেরসিক বৃষ্টির কারণে সেঞ্চুরিয়নের সুপারস্পোর্টস পার্কে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হতে দেরি হচ্ছে।

ম্যাচ শুরু হওয়ার কথা ছিল দুপুর ২টায়। সে হিসেবে টসের নির্ধারিত সময় ১টা ৩০ মিনিট। সে সময়ে পেরিয়ে গেলেও টস করা সম্ভব হয়নি। অর্থাৎ খেলাও নির্ধারিত সময়ে শুরু হচ্ছে না।

সকাল থেকেই সেঞ্চুরিয়নে বৃষ্টি ছিল। বৃষ্টি থামলেও মাঠ কাভারে ঢাকা। ভেজা রয়েছে আউটফিল্ড। আরও শঙ্কার কথা হলো, আকাশ এখনো মেঘলা। আবারও বৃষ্টি নামলেও তাই অবাক হওয়ার কিছুই থাকছে না।

সিরিজের প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে পাত্তা পায়নি বাংলাদেশ। ৯ উইকেটের বিশাল জয়ে সিরিজে এগিয়ে আছে টেম্বা বাভুমার দল। অন্যদিকে সেই হারে ধবলধোলাই হওয়ার শঙ্কায় বাংলাদেশ। লজ্জা এড়ানোর মিশনে সেঞ্চুরিয়ন টেস্টে প্রোটিয়াদের বিপক্ষে ন্যূনতম হার এড়াতেই হবে সফরকারীদের।

দ্বিতীয় টেস্টে পূর্ণ শক্তির দল পাচ্ছে না বাংলাদেশ। চোটের কারণ ছিটকে গেলেন দুই তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম ও হাসান মাহমুদ। যেটা অতিথিদের জন্য বড় ধাক্কা। প্রথম টেস্ট চলার সময় বাঁ কুঁচকির অংশে তীব্র ব্যথা অনুভব করেন মুশফিক। আর হাসান ডান কনুইয়ের চোটে পড়ায় সিরিজের বাকি অংশ থেকে হাসান ছিটকে গেছেন।

তাঁদের অনুপস্থিতিতে বাকিদের দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স। তিনি বলেন, ‘১০৮ টেস্টের (মুশফিকুর রহিম) অভিজ্ঞতা পূরণ করা খুবই কঠিন। তবে গত দুই টেস্টে আমরা দেখলাম আরও এক সিনিয়র ক্রিকেটার মুমিনুল ছিল না। সেখানে হৃদয় দায়িত্ব নিয়ে খেলেছে। আমরা সেই চেষ্টা করছি। মুশফিকের জায়গায় যে-ই আসবে, তাকে দায়িত্ব নিতে হবে। হাসানও চলে গেছে। তবে আমাদের চার পেসার আছে। কাউকে না কাউকে হাসানের দায়িত্ব নিতে হবে।’