ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ হাতছাড়া হওয়ার পর পাকিস্তান টেস্ট দলের প্রধান কোচ সরফরাজ আহমেদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর মধ্যেই সাদা বলের দলের প্রধান কোচ মাইক হেসনকে টেস্ট দলের সঙ্গে যুক্ত করার উদ্যোগ নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
লর্ডস টেস্টে ইংল্যান্ডের কাছে ১৯৪ রানে হেরেছে পাকিস্তান। প্রতিবেদনে জিও সুপার জানিয়েছে, এই হারের পর হেসনকে টেস্ট দল দেখভালের দায়িত্ব দিয়েছে পিসিবি। আগামী ৯ সেপ্টেম্বর এজবাস্টনে সিরিজের তৃতীয় এবং শেষ টেস্ট খেলতে নামবে পাকিস্তান-ইংল্যান্ড। সে ম্যাচে সফরকারী দলের সঙ্গে থাকার কথা হেসনের। এমনকি ম্যাচে পাকিস্তানের ড্রেসিংরুমেও উপস্থিতি থাকবেন তিনি।
হেসন মূলত হাই পারফরম্যান্সের পরিচালক আকিব জাভেদের সঙ্গে লন্ডনে গিয়েছিলেন প্রিন্স চার্লসের আয়োজিত একটি নৈশভোজে যোগ দিতে। তবে সফরের মাঝপথে টেস্ট দলের কার্যক্রমে তাঁকে যুক্ত করার সিদ্ধান্ত সরফরাজের অবস্থানকে নতুন করে আলোচনায় এনেছে।
টানা ব্যর্থতায় সরফরাজের টেস্ট দলের দায়িত্বে থাকার বিষয়টি এখন সুতোয় ঝুলছে। প্রতিবেদনে বলা হয়েছে, তিন সংস্করণেই কোচের দায়িত্ব দেওয়ার হতে পারে হেসনকে। বর্তমানে পাকিস্তানের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের কোচের দায়িত্ব পালন করছেন তিনি। একই সঙ্গে পাকিস্তানের টেস্ট অধিনায়কত্বেও পরিবর্তন নিয়ে আলোচনা চলছে। বাবর আজম নেতৃত্ব চালিয়ে যাবেন কি না, সেটা নিয়ে নতুন করে ভাবতে চায় পিসিবি।
গত ১৮ এপ্রিল বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের আগে পাকিস্তানের লাল বলের প্রধান কোচ হিসেবে সরফরাজকে নিয়োগ দিয়েছিল পিসিবি। তবে দায়িত্বের শুরুটা ভালো হয়নি তাঁর। বাংলাদেশ সফরে দুই টেস্টেই হেরে যায় পাকিস্তান।
এরপর ওয়েস্ট ইন্ডিজ সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ করে পাকিস্তান। তবে ইংল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজের প্রথম দুই ম্যাচে হেরে বেশ চাপের মুখে অতিথিরা। ধবলধোলাই এড়াতে এজবাস্টনে জিততেই হবে তাদের।