হোম > খেলা > ক্রিকেট

পেস-স্বর্গে কতটা জবাব দিতে পারবেন শান্তরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শেষ টেস্টের আগে অনুশীলনে বেশ প্রাণচঞ্চলই দেখা গেল ক্রিকেটারদের। সেঞ্চুরিয়নে আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবেন শান্তরা। ছবি: বিসিবি

জোহানেসবার্গে সিরিজের প্রথম টেস্টে ৪০০ রান করেও বাংলাদেশ শেষ পর্যন্ত বাজেভাবে হেরেছে। ‘মড়ার উপর খাঁড়ার ঘা’ হিসেবে এসেছে দুই খেলোয়াড়ের চোট। দক্ষিণ আফ্রিকায় সিরিজে পিছিয়ে পড়ার ঘটনাই শেষ নয়, বাংলাদেশ জয়ের দেখা পাচ্ছে না নিজেদের শেষ ৯ ম্যাচে। সব মিলিয়ে কোচ ফিল সিমন্সের কপালে চিন্তার ভাঁজ।

চোটে পড়ায় মুশফিকুর রহিম, হাসান মাহমুদের দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষ হয়ে গেছে। দুজনের অস্বস্তি ছিল প্রথম টেস্টেই। প্রথম টেস্ট চলার সময় বাঁ কুঁচকির অংশে তীব্র ব্যথা অনুভব করেছিলেন মুশফিক। আর হাসান ডান কনুইয়ের চোটে পড়ায় সিরিজের বাকি অংশ থেকে হাসান ছিটকে গেছেন।

মুশফিক ও হাসানকে না পাওয়া নিঃসন্দেহে অনেক বড় ধাক্কা। বাংলাদেশের ইতিহাসে একমাত্র শততম টেস্ট খেলা ক্রিকেটার ১০৮ ম্যাচে করেছেন ৭ হাজার ৬২ রান। আর হাসান মাত্র ২০ টেস্ট খেলে পাঁচবার ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন। পাঁচটিই পাঁচ ভিন্ন ভেন্যুতে। আজ থেকে শুরু সেঞ্চুরিয়ন টেস্টের আগে গতকাল সংবাদ সম্মেলনে সিমন্স বলেন, ‘১০৮ টেস্টের (মুশফিকুর রহিম) অভিজ্ঞতা পূরণ করা খুবই কঠিন। তবে গত দুই টেস্টে আমরা দেখলাম আরও এক সিনিয়র ক্রিকেটার মুমিনুল ছিল না। সেখানে হৃদয় দায়িত্ব নিয়ে খেলেছে। আমরা সেই চেষ্টা করছি। মুশফিকের জায়গায় যে-ই আসবে, তাকে দায়িত্ব নিতে হবে। হাসানও চলে গেছে। তবে আমাদের চার পেসার আছে। কাউকে না কাউকে হাসানের দায়িত্ব নিতে হবে।’

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ দুবার ওয়ানডে সিরিজ জিতেছে। একটি ২০২২ সালে দক্ষিণ আফ্রিকার মাঠে। তবে প্রোটিয়াদের বিপক্ষে টি-টোয়েন্টি ও টেস্টে এখনো জয় পায়নি বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার মাঠে ৯ টেস্ট খেলে সব কটিতেই হেরেছে বাংলাদেশ। সর্বশেষ জোহানেসবার্গ টেস্টে প্রথম ইনিংসে ৪০০ রান করার পর বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ের সম্ভাবনা তৈরি হয়েছিল। ১২১ রানে ৫ উইকেট হারানোর পর তাওহীদ হৃদয় (১৩৭), লিটন দাসের (১২০) জোড়া সেঞ্চুরিতে খাদের কিনারা থেকে উদ্ধার হয় তারা। এরপর খেই হারিয়ে ফেলে বাংলাদেশ। সেঞ্চুরিয়ন পরীক্ষাটা আরও কঠিন।

দক্ষিণ আফ্রিকায় সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কই সবচেয়ে বেশি পেসার-সহায়ক উইকেট হিসেবে পরিচিত। প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করাম ভেন্যুটিকে ‘সেঞ্চুরিয়নের চিরায়ত’ উইকেট হিসেবে অভিহিত করেছেন। তাঁর ভাষায়, ‘শুরুতে উইকেট কিছুটা ধীরগতির থাকতে পারে, তবে খেলা যত এগোবে, উইকেট তত দ্রুতগতির হয়ে উঠবে। এই মাঠ কিছুটা গতি ও ভারসাম্যের জন্য পরিচিত। তবে এখানে সেট হয়ে গেলে বড় রান করার যথেষ্ট সুযোগ রয়েছে।’

সাম্প্রতিক সময়ে এই মাঠে স্পিনারদের তেমন কিছু করার সুযোগ হয়নি। এখানে সর্বশেষ চার টেস্টে স্পিনারদের ভূমিকা ছিল খুবই সামান্য। সাম্প্রতিক প্রথম শ্রেণির ম্যাচগুলোতেও স্পিনারদের জন্য তেমন ইতিবাচক কিছু দেখা যায়নি। গত সেপ্টেম্বরে এখানে অনুষ্ঠিত টাইটানস ও ডলফিনসের ম্যাচে স্পিনাররা মাত্র একটি উইকেট পেয়েছিলেন।

আবহাওয়ার কারণে ম্যাচে কয়েক দফা বিঘ্ন ঘটতে পারে। পূর্বাভাস অনুযায়ী, প্রথম ও তৃতীয় দিনে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বাকি সময় সেঞ্চুরিয়নে আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও আবহাওয়া মূলত শুষ্ক থাকার কথা।

বাংলাদেশের একাদশে কয়জন পেসার রাখা হবে, কয়জন ব্যাটার থাকবেন—সেসব নিয়ে সিমন্স ধোঁয়াশা রাখলেও দক্ষিণ আফ্রিকা একাদশ ঘোষণা করে দিয়েছে কালই। প্রোটিয়াদের একাদশে চার ফাস্ট বোলার দেখেই বোঝা যাচ্ছে বাংলাদেশের ব্যাটারদের জন্য কী তোপ অপেক্ষা করছে। অথচ বাংলাদেশের পুরো স্কোয়াডে আছেন চার পেসার। মুশফিক ও হাসান ছিটকে যাওয়ায় এবার একাদশ সাজানো নিয়ে বেশ বিপাকে বাংলাদেশ। জোহানেসবার্গে প্রথম টেস্টের একাদশে আট ব্যাটার নিয়ে খেলেছিলেন শান্তরা। তিন পেসার ইবাদত হোসেন চৌধুরী, হাসান, তাসকিন আহমেদের সঙ্গে একমাত্র স্বীকৃত স্পিনার মেহেদী হাসান মিরাজ। হাসান ছিটকে যাওয়ায় বাংলাদেশের পেস বিভাগে আছেন এখন তাসকিন, ইবাদত, শরীফুল ইসলাম ও খালেদ।