হোম > খেলা > ক্রিকেট

আফগানিস্তানকে হতাশায় ডুবিয়ে বাংলাদেশের রানের পাহাড়

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

দুইবার জীবন পেয়ে সুযোগটা লিটন দাস লুফে নিচ্ছেন দুই হাত ভরে। ছবি: ক্রিকইনফো

আবুধাবিতে এলোমেলো হয়ে পড়েছে আফগানিস্তান। বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে তারা না বুঝে রিভিউ নিয়ে নষ্ট করছে। এমনকি আফগান ফিল্ডারদের হাত গলেও বেরিয়ে যাচ্ছে একের পর এক ক্যাচ। সেই সুযোগ দারুণভাবে কাজে লাগাচ্ছে বাংলাদেশ।

শেখ জায়েদ স্টেডিয়ামে গতকাল টেস্টের তৃতীয় দিনে যখন বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে, সেদিনই তিনটা রিভিউ নষ্ট করে আফগানিস্তান। আজ চতুর্থ ইনিংসে আফগান ফিল্ডাররা দুইবার লিটন দাসকে জীবন দিয়েছেন। তাছাড়া অনেক হাফ চান্সও আফগানিস্তান কাজে লাগাতে পারেনি। চতুর্থ দিনের প্রথম সেশনের খেলা শেষে বাংলাদেশ এগিয়ে ৪৪৩ রানে। এখনো তাদের হাতে ৪ উইকেট।

দ্বিতীয় ইনিংসে ৭২ ওভারে ৬ উইকেটে আজ চতুর্থ দিনের খেলা শুরু করে বাংলাদেশ। দিনের খেলা শুরুর সাত ওভারের মধ্যে দুইবার জীবন পান লিটন। যার মধ্যে ৭৫তম ওভারের শেষ বলে আফগান লেগস্পিনার কায়েস আহমেদকে কাট করতে যান লিটন। এজ হওয়া বল স্লিপে যখন মিস করেন শাহিদুল্লাহ কামাল, তখন লিটনের রান ১৪।

চার ওভার পর সেই কায়েসের বলে ফের জীবন পান লিটন। ৭৯তম ওভারের তৃতীয় বলে লিটন সোজা ড্রাইভ করেন। ডান দিকে ঝুঁকেও কট এন্ড বোল্ডের সুযোগ হাতছাড়া করেন আফগান লেগস্পিনার। বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটারের রান তখন ২৬। দুই দফা জীবন পেয়ে সেটা দুহাত ভরে লুফে নিচ্ছেন। ২২তম টেস্ট ফিফটি তুলে নিয়েছেন লিটন। বাংলাদেশের পঞ্চম ব্যাটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৯ হাজার রান করেছেন অভিজ্ঞ এই উইকেটরক্ষক।

বাজে বল পেলে লিটন সেটাকে বাউন্ডারিতে পরিণত করেছেন। কখনো কখনো আফগান ফিল্ডাররা ডাইভ দিয়েও বল থামাতে পারেননি। ভাগ্যের ছোঁয়া পেয়ে কখনো সেটা লিটনের স্টাম্পের পাশ দিয়ে বেরিয়ে গেছে। শুধু লিটনই নয়, মিরাজের বিপক্ষেও আউটের আবেদন করেছিল আফগানিস্তান। ৯৫তম ওভারের পঞ্চম বলে জিয়াউর রহমানকে স্লগ সুইপ করতে যান মিরাজ। এজ হওয়া বল স্লিপে থাকা ফিল্ডার ডাইভ দিয়ে ধরেছেন। আম্পায়ার আউট না দেওয়ায় আফগানিস্তান দলে দেখা গেছে হতাশা। তবে রিপ্লেতে দেখা যায়, বল মিরাজের গ্লাভসের ওপরের অংশে লেগেছে।

সপ্তম উইকেটে লিটন-মিরাজ এরই মধ্যে ১৫৭ বলে ১১৪ রানের জুটি গড়েছেন। ৯৮ ওভারে ৬ উইকেটে ৩৩৭ রান করেছে বাংলাদেশ। লিটন ৯৬ বলে ১১ চারে ৮১ রানে অপরাজিত। মিরাজ ৩৮ রানে ব্যাটিং করছেন।