ছক্কার পর ছক্কা–এ যেন চার-ছক্কার বন্যা। ইন্দোরে ব্যাট হাতে রীতিমতো তাণ্ডব চালালেন প্রিয়াংশ আর্য। তাঁর বিধ্বংসী ব্যাটিংয়ে তছনছ তামিলনাড়ুর বোলিং আক্রমণ। মাত্র ৬৮ বলে ১৮১ রান করে গড়েছেন একের পর এক রেকর্ড। শুধু তাই নয়, টি-টোয়েন্টিতে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংসের তালিকায় ক্রিস গেইলকেও ছাড়িয়ে গেছেন ভারতের এই তরুণ ওপেনার।
সৈয়দ মুশতাক আলী ট্রফিতে প্রিয়াংশের ব্যাটিং নৈপুণ্যে ভর করে তামিলনাড়ুকে ১১৬ রানে উড়িয়ে দিয়েছে দিল্লি।
মঙ্গলবার ইন্দোরের ড্যালি কলেজ গ্রাউন্ডে টসের পর ব্যাটিংয়ে নেমে প্রিয়াংশের ব্যাটিং তাণ্ডবে ৫ উইকেটে ২৭৫ রানের পাহাড় গড়ে দিল্লি। দলের এমন ইনিংসের মূল কারিগর ছিলেন অধিনায়ক প্রিয়াংশ নিজেই। মাত্র ৬৮ বলে ১৮১ রানের ইনিংস খেলেন এ ওপেনার। তাঁর ব্যাট থেকে আসে ৭ চার ও ১৯ ছক্কা। জবাবে দিল্লির বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি তামিলনাড়ু। ১৫৯ রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস। অর্থাৎ তামিলনাড়ুর পুরো দল যত রান করেছে, প্রিয়াংশ একাই করেছেন তার চেয়ে ২২ রান বেশি।
একই সঙ্গে এদিন ১৯টি ছক্কা হাঁকিয়ে টি-টোয়েন্টিতে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ডেও ভাগ বসিয়েছেন প্রিয়াংশ। এই কীর্তিতে তাঁর সঙ্গী নিউজিল্যান্ডের ফিন অ্যালেন। পাশাপাশি ১৮১ রানের ইনিংসটি তাঁকে নিয়ে গেছে টি-টোয়েন্টিতে ব্যক্তিগত সর্বোচ্চ রানের তালিকার দ্বিতীয় স্থানে। এত দিন এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিলেন ক্যারিবীয় ব্যাটিং দানব ক্রিস গেইল। প্রিয়াংশের বিধ্বংসী ইনিংসে এক ধাপ পিছিয়ে এখন তৃতীয় স্থানে নেমে গেছেন তিনি।
টি-টোয়েন্টিতে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংসের রেকর্ডটি এখনো দক্ষিণ আফ্রিকার লুয়ান-দ্রে প্রিটোরিয়াসের দখলে। চলতি বছরের ২ অক্টোবর ব্লুমফন্টেইনে নাইটসের বিপক্ষে টাইটানসের হয়ে মাত্র ৭৯ বলে ১৮৮ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন তিনি। ১৫ চার ও ১৩ ছক্কায় সাজানো সেই ইনিংসে তাঁর স্ট্রাইক রেট ছিল ২৩৭.৯৭। প্রিটোরিয়াসের সেই রেকর্ডের খুব কাছাকাছি পৌঁছালেও ৭ রান দূরে থাকতে হয়েছে প্রিয়াংশকে।
তালিকার তৃতীয় স্থানে নেমে যাওয়া গেইল ২০১৩ সালের ২৩ এপ্রিল বেঙ্গালুরুতে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে খেলেছিলেন ১৭৫ রানের অপরাজিত এক ইনিংস। মাত্র ৬৬ বল খেলা সেই ইনিংসে ছিল ১৩ চার ও ১৭ ছক্কা। ২৬৫.১৫ স্ট্রাইক রেটে ব্যাট চালিয়ে টি-টোয়েন্টির ইতিহাসে অন্যতম সেরা বিধ্বংসী ইনিংস উপহার দিয়েছিলেন গেইল। এত দিন ব্যক্তিগত সর্বোচ্চ রানের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সেই ইনিংসকে পেছনে ফেলেই রেকর্ডের পাতায় নিজের নাম তুললেন প্রিয়াংশ আর্য।