হোম > খেলা > ক্রিকেট

বাংলাদেশে ২০৩১ বিশ্বকাপের সূচি জানাল আইসিসি

ক্রীড়া ডেস্ক    

২০৩১ ওয়ানডে বিশ্বকাপ হবে বাংলাদেশ-ভারতে। আজ সেই টুর্নামেন্টের সূচি জানাল আইসিসি। ছবি: সংগৃহীত

২০৩১ ওয়ানডে বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত—এটা তো পুরোনো খবর। আজ নতুন এক খবর দিল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। সেই বছরের অক্টোবর-নভেম্বরে হবে আইসিসির এই ইভেন্ট।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে ২০২৮ থেকে ২০৩৫ পর্যন্ত টুর্নামেন্টের সূচি প্রকাশ করেছে আইসিসি। যার মধ্যে ২০৩১ সালের ৯ অক্টোবর থেকে ২৩ নভেম্বর বাংলাদেশ-ভারতের যৌথ আয়োজনে হবে ওয়ানডে বিশ্বকাপ। এর আগে পাঁচটি আইসিসি ইভেন্ট হবে। যার মধ্যে রয়েছে দুটি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালও। ২০২৭-২৯ টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ইংল্যান্ডে হবে ২০২৯ সালের ৮ থেকে ১২ জুন। ঠিক তার দুই বছর পর ২০২৯-৩১ চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালও হবে ইংল্যান্ডে। ২০৩১ সালের ১২ থেকে ১৬ জুন হবে শিরোপা নির্ধারণী ম্যাচ।

২০২৮ থেকে ২০৩৫ চক্রটা শুরু হচ্ছে মূলত ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের যৌথ আয়োজনে ২০২৮ সালের ১২ অক্টোবর থেকে ১২ নভেম্বর পর্যন্ত হবে ১১তম টি-টোয়েন্টি বিশ্বকাপ। এরপর ভারতে হবে ২০২৯ চ্যাম্পিয়নস ট্রফি। সে বছরের ৯ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত মাঠে গড়াবে আইসিসির এই ইভেন্ট। আর ২০৩০ টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে তিন দেশ মিলিয়ে। ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের যৌথ আয়োজনে ৪ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত হচ্ছে ১২তম টি-টোয়েন্টি বিশ্বকাপ।

২০৩২ থেকে ২০৩৫ পর্যন্ত আইসিসির পাঁচটা টুর্নামেন্ট হবে। সেই টুর্নামেন্টগুলোর দিনক্ষণ আইসিসি জানিয়েছে ঠিকই। তবে আয়োজকের নাম এখনো ঘোষণা করেনি।