শেষ ওভারের নাটকীয়তায় জমে উঠেছিল সিডনিতে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার চতুর্থ টি-টোয়েন্টি। জয়ের জন্য শেষ ওভারে প্রয়োজন ছিল মাত্র ১২ রান। তবে কয়দিন আগে অভিষেক হওয়া ইংলিশ পেসার হেনরি ক্রোকম্বের দুর্দান্ত বোলিংয়ে শেষ পর্যন্ত আর পেরে ওঠেনি অস্ট্রেলিয়া। ৭ রানের রুদ্ধশ্বাস জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিয়েছে ইংল্যান্ড।
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে ইংল্যান্ড। ৩২ রানেই হারায় ৪ উইকেট। এরপর কক্স ও কোলসের ৪৪ রানের জুটিতে কিছুটা ঘুরে দাঁড়ালেও ৯৩ রানে ৬ উইকেট হারিয়ে আবারও চাপে পড়ে দল। শেষ দিকে স্যাম কারান ও জেমি ওভারটনের ঝোড়ো ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ায় ইংল্যান্ড। অষ্টম উইকেটে মাত্র ২০ বলে ৫০ রান যোগ করেন তাঁরা। কারান ২৮ বলে ৫০ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন ৫০ ও ওভারটন ৯ বলে ২০ রান করলে ১৮১ রানের সংগ্রহ পায় ইংল্যান্ড।
জবাবে ঝোড়ো শুরু করে অস্ট্রেলিয়া। প্রথম ছয় ওভারেই ৬৭ রান তুলে নেয় স্বাগতিকেরা। তবে ১৫ রান করা জেক ফ্রেজার-ম্যাকগার্ককে হারানোর পর মিচেল মার্শের সঙ্গে জুটি গড়ে দলকে এগিয়ে নেন স্যাম হার্পার। দ্বিতীয় উইকেটে ৫২ রানের জুটি গড়েন তাঁরা।
হার্পার ১৮ রান করে ফিরলেও একপ্রান্তে তাণ্ডব চালিয়ে যান অস্ট্রেলিয়ার অধিনায়ক মার্শ। মাত্র ২৬ বলে ফিফটি পূর্ণ করেন মার্শ। এরপর আরও আক্রমণাত্মক হয়ে ওঠেন তিনি। ৪৯ বলে তুলে নেন সেঞ্চুরি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটা তাঁর দ্বিতীয় সেঞ্চুরি। শেষ পর্যন্ত ৫৭ বলে ৯ চার ও ৯ ছক্কায় ১১৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক। তবে অন্য প্রান্তে নিয়মিত উইকেট হারাতে থাকে অস্ট্রেলিয়া। যার ফলে মার্শের সেঞ্চুরিও বৃথা গেছে।
শেষ দিকে জয়ের জন্য সমীকরণ সহজ থাকলেও ইংল্যান্ডের বোলারদের সামনে আটকে যায় অস্ট্রেলিয়া। বিশেষ করে শেষ ওভারে দুর্দান্ত বোলিং করেন ক্রোকম্ব। ওভারের চতুর্থ বলে মার্শকে ফিরিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তিনি। পরের বলেই জোয়েল ডেভিসকে এলবিডব্লিউ করে অস্ট্রেলিয়ার জয়ের আশা সেখানেউ শেষ করে দেন এই তরুণ পেসার। শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেটে ১৭৪ রানে থামে স্বাগতিকদের ইনিংস।
ইংল্যান্ডের হয়ে বল হাতে সফল ছিলেন ক্রোকম্ব। ২৮ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। এছড়া আদিল রশিদ, স্যাম কারান ও জেমি ওভারটনও একটি করে উইকেট পেয়েছেন। এই জয়ে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিশ্চিত করেছে ইংল্যান্ড। সিরিজে ৩–১ ব্যবধানে এগিয়ে গেল ইংল্যান্ড।
দুর্দান্ত সেঞ্চুরিতে দলকে জয় এনে দিতে না পারলেও ম্যাচসেরা হয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ। ২ ডিসেম্বর ক্যানবেরায় হবে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড পঞ্চম টি-টোয়েন্টি।