হোম > খেলা > ক্রিকেট

বাংলাদেশের ক্রিকেটে লজ্জার এক দিন

ক্রীড়া ডেস্ক    

শ্রীলঙ্কা ‘এ’ দলের কাছে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ ‘এ’ দল। ছবি: এসিসি

সেঞ্চুরিয়ন থেকে দোহা–গুগল ম্যাপসে দূরত্ব দেখাচ্ছে ৬২১৪ কিলোমিটার। বিশাল এই দূরত্বে আজ খেলেছে বাংলাদেশের দুটি দল। তবে কোথাও থেকেই আসেনি সুখবর। দুই ভেন্যুতে বাংলাদেশ তো হেরেছেই। এমনকি দুই জায়গাতেই বাংলাদেশের ব্যাটাররা চরমভাবে ব্যর্থ।

সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার নিয়ন্ত্রিত বোলিংয়ে বাংলাদেশ গুটিয়ে গেছে ৯১ রানেই। দ্বিতীয় টেস্টের প্রথম দিন দক্ষিণ আফ্রিকা শেষ করেছে ১ উইকেটে ৮৮ রানে। আর দোহায় রাইজিং স্টার্স এশিয়া কাপে ৮.৪ ওভারে কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশ ‘এ’ দল করে ৫৫ রান। কিন্তু নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বাংলাদেশ গুটিয়ে যায় ১৪৫ রানে। তারা ৪২.৫ ওভার ব্যাটিং করলেও শ্রীলঙ্কা ২১.৫ ওভারে পৌঁছে যায় জয়ের বন্দরে।

টানা দুই জয়ের পর রাইজিং স্টার্স এশিয়া কাপে হেরেছে বাংলাদেশ ‘এ’। আজ শ্রীলঙ্কার ‘এ’ দলের কাছে হারল ৭ উইকেটে। এই পরাজয়ের আগেই অবশ্য টুর্নামেন্টের সেমিফাইনাল ওঠা নিশ্চিত করে সাইফ হাসানের দল। তবে গ্রুপসেরা না হতে পারায় সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ পাকিস্তান। ২৭ নভেম্বর হবে বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনাল।

ওয়ানডে সংস্করণের টুর্নামেন্টে ১৪৬ রানের লক্ষ্য দিয়ে আগেই ব্যাকফুটে চলে গিয়েছিল বাংলাদেশ ‘এ’। সেখান থেকে ঘুরে দাঁড়াতে হলে বল হাতে শুরুতেই লন্ডভন্ড করতে হতো লঙ্কান টপ অর্ডারকে। কিন্তু সেটা হয়নি। ৬১ রানে শ্রীলঙ্কা ২ উইকেট হারালেও তৃতীয় উইকেটে নিশান মাদুস্কা (৫১*) ও পবন রত্নায়েকের (৪৫) ৮১ অবিচ্ছিন্ন জুটিতে লঙ্কানদের সহজ জয় ত্বরান্বিত করে। ১৬৯ বল হাতে রেখে জেতে লঙ্কানরা।

৭ উইকেটের জয়ে ম্যাচসেরা হয়েছেন রাবিন্দু ফার্নান্দো। ১০ ওভারে ৩০ রানে নিয়েছেন ৪ উইকেট। ২৬ নভেম্বর প্রথম সেমিফাইনালে শ্রীলঙ্কা খেলবে ভারতের বিপক্ষে।