ওয়ানডে সিরিজ জিতলেও টি-টোয়েন্টি সিরিজে বাজে পারফরম্যান্স উপহার দিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার কাছে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ হয়েছে ধবলধোলাই। সিরিজ শেষে আইসিসির র্যাঙ্কিংয়ে তাওহীদ হৃদয়-নাসুম আহমেদরা যেমন সুখবর পেয়েছেন, আবার অবনতি হয়েছে তানজিদ হাসান তামিম-মোস্তাফিজুর রহমানদেরও।
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে গত ২১ জুন তৃতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়ে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করেছে অস্ট্রেলিয়া। এক সপ্তাহ না যেতেই আজ সাপ্তাহিক র্যাঙ্কিং হালনাগাদ করেছে আইসিসি। টি-টোয়েন্টিতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ৯ ধাপ এগিয়ে ৩০ নম্বরে উঠে এসেছেন তাওহীদ হৃদয়। বর্তমানে তাঁর রেটিং পয়েন্ট ৫৮৭। সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে তিনি ৫২ গড় ও ১৩৩.৩৩ স্ট্রাইকরেটে করেছেন ১০৪ রান। নিয়মিত অধিনায়ক লিটন দাস না থাকায় হৃদয় অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে অধিনায়কত্ব করেছেন।
হৃদয়ের মতো সুখবর পেয়েছেন সাইফ হাসানও। টি-টোয়েন্টিতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ১৩ ধাপ এগিয়ে ৩৫ নম্বরে উঠে এসেছেন সাইফ। সমান ৫৭০ রেটিং পয়েন্ট নিয়ে সাইফের সঙ্গে যৌথভাবে ৩৫ নম্বরে শ্রীলঙ্কার কুশল পেরেরা। লঙ্কান ব্যাটারের এক ধাপ অবনতি হয়েছে। এদিকে লম্বা লাফ দিয়েছেন নাসুম আহমেদ। টি-টোয়েন্টিতে বোলারদের র্যাঙ্কিংয়ে ২৭ ধাপ এগিয়ে ১১ নম্বরে উঠে এসেছেন বাংলাদেশের বাঁহাতি স্পিনার। অস্ট্রেলিয়া সিরিজে দুই টি-টোয়েন্টি খেলে ৫.২৮ ইকোনমিতে নিয়েছেন ৩ উইকেট। বর্তমানে তাঁর রেটিং পয়েন্ট ৬৬০।
হৃদয়-নাসুমরা সুখবর পেলেও দুঃসংবাদ পেয়েছেন তাঁদের সতীর্থরা। দুই ধাপ পিছিয়ে টি-টোয়েন্টিতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ২৯ নম্বরে নেমে গেছেন তানজিদ হাসান তামিম। সদ্য সমাপ্ত অস্ট্রেলিয়া সিরিজে তিন ম্যাচ খেলে কেবল ৪৫ রান করেছেন বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটার। আর মোস্তাফিজুর রহমান ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে বোলারদের র্যাঙ্কিংয়ে ১৫ নম্বরে। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ৭.১৪ ইকোনমিতে নিয়েছেন ২ উইকেট। বাংলাদেশের বাঁহাতি পেসার খেলেন দুই ম্যাচ।
৮৭৫ রেটিং পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টিতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন অভিষেক শর্মা। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে শীর্ষ বোলারের জায়গাও অপরিবর্তিত। ৭৫৩ রেটিং পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের এক নম্বর বোলার রশিদ খান। তবে টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে সিংহাসন হ্যারি ব্রুক ধরে রাখতে পারেনি। এক ধাপ পিছিয়ে তিনি নেমে গেছেন দুই নম্বরে। তাঁর রেটিং পয়েন্ট ৮৬৬।
অবনতি হয়েছে ট্রাভিস হেডেরও। টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে তিনি নেমে গেছেন তিন নম্বরে। তাঁর রেটিং পয়েন্ট ৮৫৩। দুই ধাপ এগিয়ে টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে ওঠা জো রুটের রেটিং পয়েন্ট ৮৭১। নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে রুট ও ব্রুক করেন ১৩২ ও ১৩৮ রান।