হোম > খেলা > ক্রিকেট

শেষ মুহূর্তে লিটনকে নিয়ে সুখবর, না খেলেই ফিরছেন মুশফিক-জাকের

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

অনুশীলনে ঘাম ঝরিয়েছেন লিটন। প্রথম ম্যাচের জন্য প্রস্তুত তিনি। ছবি: ফেসবুজ

প্রথম টেস্টের দলে জায়গা পেলেও চোটের কারণে একাদশে লিটন দাসের থাকা নিয়ে শঙ্কা ছিল। তবে সিরিজ শুরুর কয়েক ঘণ্টা আগে এই উইকেটরক্ষক ব্যাটারকে নিয়ে সুখবর দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

চোট কাটিয়ে পুরোপুরি ফিট হয়ে উঠেছেন লিটন। সিরিজের প্রথম টেস্টে আগামীকাল সকাল ৬টা ৩০ মিনিটে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সে ম্যাচে খেলতে আর কোনো বাধা রইল না লিটনের জন্য।

এদিকে প্রথম টেস্টের দলে জায়গা পাওয়ায় বাকিদের সঙ্গে অস্ট্রেলিয়ার বিমানে চড়েছিলেন মুশফিকুর রহিম ও জাকের আলী অনিক। দলে থাকলেও ম্যাচ খেলা হচ্ছে না তাঁদের। এই দুজনকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় আসন্ন ‘এ’ দলের সফরের প্রস্তুতি শুরু করবেন মুশফিক ও জাকের।

লিটনের পাশাপাশি সুখবর আছে আরও একটি। সফলভাবে ফিটনেস পরীক্ষায় উতরে গেছেন শরীফুল ইসলাম। দ্বিতীয় টেস্টের প্রস্তুতি নিতে আজ রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ছাড়বেন তিনি। অস্ট্রেলিয়ায় পৌঁছে টেস্ট দলের সঙ্গে যোগ দেবেন এই বাঁহাতি পেসার। চোটের কারণে এই সফরে নাহিদ রানা না থাকায় বাংলাদেশের পেস বোলিং আক্রমণে বড় শূন্যতা তৈরি হয়েছিল। শরীফুলের অন্তর্ভূক্তি রানার অভাব কিছুটা হলেও পূরণ করবে।

ব্যাটিং ব্যর্থতায় প্রস্তুতি ম্যাচে ক্রিকেট অস্ট্রেলিয়ার অনভিজ্ঞ দলের কাছে সোয়া দুই দিনেই ইনিংস এবং ৩৫ রানে হেরেছে বাংলাদেশ। মূল সিরিজের আগে লিটনের ফিট হয়ে উঠা দলের জন্য অনেক বড় স্বস্তির কারণ।