ব্যাটাররা যেভাবে মুখ থুবড়ে পড়েছিলেন, তাতে ভুলে যাওয়ার মতো একটা দিনই পার করার কথা ছিল বাংলাদেশের। কিন্তু শুরুতেই প্রায় ছিঁড়ে যাওয়া আশার পালে হাওয়া লাগিয়েছেন বোলাররা। তাই বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সে বাজে ব্যাটিংয়ের পরও লড়াইয়ে টিকে থাকার স্বপ্ন বুনছে সফরকারীরা।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে ১০১ রানে পিছিয়ে আছে বাংলাদেশ। ৬৪ রানে অলআউটের পর অজিদেরও বেশ চাপে রেখেছে অতিথিরা। প্রথম দিনের খেলা শেষে ১৬৫ রানে ৮ উইকেট তুলে নিয়েছে তারা। এর মধ্যে ছয়টাই নিয়েছেন শরীফুল ইসলাম। মূলত এই বাঁহাতি পেসারের ক্যারিয়ার সেরা বোলিংয়েই আশা বেঁচে আছে বাংলাদেশের।
প্রথম দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এসেছিলেন শরীফুল। বাজে ব্যাটিংয়ের হতাশা কাটিয়ে দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। এই বোলারের কথায় স্পষ্ট, এখনো জিততে চায় বাংলাদেশ। এ জন্য ভালো সময়ের অপেক্ষায় বাংলাদেশ।
শরীফুল বলেন, ‘পাঁচ উইকেট পেলেও আমি স্বাভাবিক আছি। ম্যাচ জিতলে তার (পাঁচ উইকেট পাওয়ার) চেয়ে অনেক বেশি খুশি হব। চেষ্টা করবে যেন আমরা দলগতভাবে খেলতে পারি এবং ম্যাচটা বের করে আনতে পারি। আমাদের ড্রেসিংরুমের বার্তা একটাই—খেলা এখনো শেষ হয়নি, আমাদেরও সময় আসবে।’
প্রথম ইনিংসের বাজে ব্যাটিংকে খেলার অংশ বলেই মনে করছেন শরীফুল, ‘এটা শুধু আমাদের একটা খারাপ দিন ছিল। তবে শুধু আমাদেরই না, ওরাও (অস্ট্রেলিয়া) কিন্তু সংগ্রাম করছে। ইনশাআল্লাহ দ্বিতীয় ইনিংসে আমরা ঘুরে দাঁড়াব। আমরা এখনো খেলায় আছি। চেষ্টা করব, দ্বিতীয় ইনিংসের পুরোটা যেন আমাদের হয়।’
ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করে শরীফুল আরও যোগ করেন, ‘এখনো তো খেলা শেষ হয়ে যায়নি। প্রথম দিন গেল। ব্যাটিংয়ে আজ আমাদের একটু খারাপ দিন গেছে। প্রতিপক্ষও তো অনেক সরগ্রাম করেছে। দেখা যাক, দ্বিতীয় ইনিংসে আমরা কতটুকু ঘুরে দাঁড়াতে পারি।’