হোম > খেলা > ক্রিকেট

বাংলাদেশ সিরিজের দল ঘোষণায় ওয়েস্ট ইন্ডিজের চমক

ক্রীড়া ডেস্ক    

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দলে সুযোগ পেয়েছেন কেভিন উইকহাম। ছবি: ক্রিকইনফো

ওয়েস্ট ইন্ডিজ দল এখন ব্যস্ত ভারত সফরে। ভারতের বিপক্ষে ক্যারিবীয়রা খেলছে সাদা বলের সিরিজ। সেই সিরিজের মাঝেই চমক রেখে বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লুআই)। দুই তারকা ক্রিকেটারকে বাদ দিয়ে নতুন ক্রিকেটার দলে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

রস্টন চেজকে অধিনায়ক করে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য গত রাতে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। জোমেল ওয়ারিকান সহ-অধিনায়ক। সাদা বলের অধিনায়ক শাই হোপ বাদ পড়েছেন বাংলাদেশ সিরিজ থেকে। বাদ দেওয়া হয়েছে পেসার আলজারি জোসেফকে। বাংলাদেশ সিরিজ দিয়েই প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজ দলে সুযোগ পেয়েছেন কেভিন উইকহাম।

বর্তমানে দারুণ ছন্দে রয়েছেন হোপ। ভারতের বিপক্ষে চলতি সিরিজে দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন তিনি। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেছেন। ছয় ইনিংসের তিনটিকেই সেঞ্চুরিতে পরিণত করেছেন। যার মধ্যে তাঁর দুই সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজ রেকর্ড জয় পেয়েছে। কিন্তু তাঁকে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দল থেকে বিশ্রাম দেওয়া হয়েছে। অথচ আগস্টে ওয়েস্ট ইন্ডিজের সবশেষ টেস্ট ম্যাচেও ছিলেন হোপ। পোর্ট অব স্পেনে পাকিস্তানের কাছে সেই টেস্টে ৮ উইকেটে হেরে যায় ক্যারিবীয়রা।

আলজারি জোসেফকে মূলত তাঁর শারিরীক অবস্থার কথা বিবেচনা করে বাংলাদেশ সিরিজের দলে রাখা হয়নি। সিডব্লুআই জানিয়েছে, তাঁর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে তাঁকে টেস্ট দল থেকে সরিয়ে রাখা হয়েছে। এতে আলজারির সম্মত্তি ছিল বলে বোর্ড জানিয়েছে।

বাংলাদেশ সিরিজ দিয়ে টেস্টে ফিরেছেন ওপেনার জন ক্যাম্পবেল। হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ায় জুলাই-আগস্টে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে খেলতে পারেননি তিনি। সবশেষ তিনি টেস্ট খেলেছেন জুলাইয়ে অ্যান্টিগায় শ্রীলঙ্কার বিপক্ষে। এই ম্যাচটা সাদা পোশাকে আলজারির সবশেষ কোনো ম্যাচও।

এদিকে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ ক্রিকেট দল। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে গতকাল বাংলাদেশ-আফগানিস্তান টেস্ট ড্র হয়েছে। ১৭ অক্টোবর আবুধাবিতেই শুরু হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে-আফগানিস্তানকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ। প্রথম দিনই মুখোমুখি হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে। লিগ পর্বে বাংলাদেশের পরের ম্যাচ ২১ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে। ২৩ অক্টোবর শারজায় হবে ফাইনাল।

ত্রিদেশীয় সিরিজ শেষে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজ ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। ২৮ অক্টোবর মিরপুরে শুরু হবে প্রথম টেস্ট। সিলেটে ৫ নভেম্বর মাঠে গড়াবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দ্বিতীয় টেস্ট।

২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের পয়েন্ট টেবিল। ছবি: ক্রিকইনফো

৫৫.৫৬ শতাংশ সফলতার হার নিয়ে ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের চারে বাংলাদেশ। ৮ নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজের সফলতার হার ২০.৮৩ শতাংশ। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড পয়েন্ট টেবিলের প্রথম দুইয়ে রয়েছে।

বাংলাদেশ সিরিজের ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দল

রস্টন চেজ (অধিনায়ক), জোমেল ওয়ারিকান (সহ-অধিনায়ক), জশুয়া বিশপ, জন ক্যাম্পবেল, তেজনারায়ণ চন্দরপল, জশুয়া ডা সিলভা (উইকেটরক্ষক), জাস্টিন গ্রিভস, কাভেম হজ, আমির জাঙ্গু (উইকেটরক্ষক), শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, কিমো পল, কেমার রোচ, জেইডেন সিলস, কেভিন উইকহাম