২০২৬ সালে টেস্ট সংস্করণে ওয়েস্ট ইন্ডিজের সময়টা দুর্দান্ত কেটেছে। তিন সিরিজ খেলে তিনটিতেই অপরাজিত। দুই সিরিজ জিতেছে এবং আরেক সিরিজ ড্র করেছে ক্যারিবীয়রা। যার মধ্যে সবশেষ বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ ড্র করেছে উইন্ডিজ। তবে ক্যারিবীয়দের এই টেস্ট সিরিজ জয়ের পেছনে অবদান রয়েছে ভারতেরও।
‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের’ গতকালের এক প্রতিবেদন থেকে জানা গেছে, বাংলাদেশকে ঘায়েল করতে চেন্নাইয়ে বসে কী কী ছক কষেছিল ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ সফরে আসার আগে চেন্নাইয়ে আইপিএল দল চেন্নাই সুপার কিংসের হাই পারফরম্যান্স সেন্টারে (এইচপিসি) দুই সপ্তাহ প্রস্তুতি নিয়েছিল ক্যারিবীয়রা। হাইপারফরম্যান্স সেন্টারে রাখা ছিল ৯ পিচ। কালো মাটি, লাল মাটি এবং এই দুই ধরনের মাটির মিশ্রণে তৈরি পিচ। ছিল ৮০ মিটার বাউন্ডারি। ম্যাচের মতো পিচের পরিবর্তন বুঝতে কোনো পিচকে এক দিন, তিন দিন কিংবা পাঁচ দিন পর্যন্ত খেলার অনুপযোগী অবস্থায় রেখে দেওয়া হতো। পেসারদের জন্য বাড়তি বাউন্সের উইকেটও ছিল।
সিএসকের হাইপারফরম্যান্স সেন্টারে ওয়েস্ট ইন্ডিজের অনুশীলনের সময় নেট বোলাররা বোলিং করতেন উপমহাদেশীয় স্পিনারদের মতো। আর ব্যাটাররা খেলতেন উপমহাদেশের ব্যাটারদের মতো। প্রত্যেক অনুশীলন সেশন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতেন ১২ জন কোচ। সেই প্রস্তুতির ফলও ক্যারিবীয়রা পেয়েছে বাংলাদেশে এসে। ৯ নভেম্বর শেষ হওয়া সিলেট টেস্ট ড্র হলেও বাংলাদেশের বিপক্ষে সিরিজটি জিতেছে ১-০ ব্যবধানে।
বাংলাদেশের যে ৩৩ উইকেট পড়েছে, তার মধ্যে ২৪টিই নিয়েছেন স্পিনাররা। ১৬ উইকেট নিয়ে সিরিজসেরা হয়েছেন ক্যারিবীয় বাঁহাতি স্পিনার জোমেল ওয়ারিক্যান। ৬ উইকেট নিয়েছেন উইন্ডিজ অধিনায়ক রস্টন চেজ। আরেক বাঁহাতি স্পিনার জশুয়া বিশপ নিয়েছেন ২ উইকেট। সিরিজ জিততে এমন ক্যাম্প অনেক সহায়তা করেছে বলে মনে করেন চেজ। ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক বলেন, ‘আমরা যখনই বাংলাদেশে আসি, বেশির ভাগ সময় স্পিনাররা আমাদের নাস্তানাবুদ করে ছাড়ে। কিন্তু আমার মনে হয়, স্পিন খেলার ক্ষেত্রে আমাদের দল এখন অনেক উন্নতি করেছে। এর পেছনে চেন্নাইয়ে গিয়ে প্রস্তুতি নেওয়ারও বড় ভূমিকা রয়েছে। ভারতের কাছাকাছি পরিবেশে অনুশীলন করেছি। প্রচুর স্পিন বোলিংয়ের মুখোমুখি হয়েছি এবং যেসব জায়গায় আমাদের দুর্বলতা ছিল, সেগুলো নিয়ে কাজ করেছি। আমার মনে হয়েছে, এই প্রস্তুতি বেশ ভালো কাজে দিয়েছে। এটি আবারও প্রমাণ করে যে ভালোভাবে প্রস্তুতি নিলে ভালো ফল পাওয়া যায়।”
সিএসকে হাই পারফরম্যান্স সেন্টারের সহযোগী ভাইস প্রেসিডেন্ট ও পরিচালনাপ্রধান এমএ সতীশ দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-কে বলেন, “এই সুযোগ-সুবিধাগুলোকে বিশ্বমানের পর্যায়ে নিয়ে যেতে আমরা অনেক যত্ন নিয়েছি। আমরা অন্ধ্রপ্রদেশের মাটি ব্যবহার করি। এটা দেশের অন্যতম সেরা মাটি। পাশাপাশি মুম্বাই থেকে আনা হয় লাল মাটি (মুরুম)। এ ছাড়া এই দুই ধরনের মাটি মিশিয়েও পিচ তৈরি করা হয়।’
এ বছর পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে আতিথেয়তা দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। যার মধ্যে উইন্ডিজ-পাকিস্তান সিরিজ ১-১ সমতায় ড্র হয়েছে। শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ জিতেছে ১-০ ব্যবধানে। আর বাংলাদেশকে ১-০ ব্যবধানে হারিয়েছে ক্যারিবীয়রা। চলমান ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে সব ম্যাচ খেলে ফেলা উইন্ডিজ অবস্থান করছে ৯ নম্বরে। ১৪ ম্যাচ খেলে কেবল তিনটিতে জিতেছে। হেরেছে আট ম্যাচ ও তিন ম্যাচ ড্র করেছে। সফলতার হার ২৭.৩৮ শতাংশ।