হোম > খেলা > ক্রিকেট

পাকিস্তানে ত্রিদেশীয় সিরিজে না থেকেও থাকছে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক    

শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। ছবি: সংগৃহীত

পাকিস্তানে আগামী ১৮ থেকে ৩১ অক্টোবর বসছে ওয়ানডে ত্রিদেশীয় সিরিজ। যেখানে স্বাগতিক পাকিস্তান ছাড়াও অংশ নেবে ইংল্যান্ড ও শ্রীলঙ্কা। বাংলাদেশ নেই তিন দলের এই লড়াইয়ে। তবে মাঠের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকছেন বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত।

আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার সৈকত পুরো সিরিজেই ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকবেন। সাত ম্যাচের এই প্রতিযোগিতায় অনফিল্ড ও তৃতীয় আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।

১৮ অক্টোবর রাওয়ালপিন্ডিতে পাকিস্তান ও শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। ওই ম্যাচে তৃতীয় আম্পায়ারের দায়িত্বে থাকবেন সৈকত। ২০ অক্টোবর একই ভেন্যুতে পাকিস্তান ও ইংল্যান্ডের ম্যাচে ফিল্ড আম্পায়ারের ভূমিকায় দেখা যাবে তাঁকে। সৈকতের সঙ্গে থাকবেন ফয়সাল খান আফ্রিদি।

২২ অক্টোবর রাওয়ালপিন্ডিতে শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের ম্যাচে আবার তৃতীয় আম্পায়ারের দায়িত্বে দেখা যাবে সৈকতকে। এরপর লাহোর পর্বে ২৫ অক্টোবর শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের ম্যাচে অনফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন তিনি।

২৭ অক্টোবর পাকিস্তান ও শ্রীলঙ্কার ম্যাচে তৃতীয় আম্পায়ারের দায়িত্ব পালন করবেন সৈকত। ২৯ অক্টোবর শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের ম্যাচে থাকবেন অনফিল্ড আম্পায়ার হিসেবে। ৩১ অক্টোবর লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ত্রিদেশীয় সিরিজের ফাইনালেও তৃতীয় আম্পায়ারের দায়িত্ব পালন করবেন বাংলাদেশের এই আম্পায়ার।

সৈকতের সঙ্গে পাকিস্তানের আহসান রাজাও পুরো সিরিজে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন। সৈকত ও ফয়সাল আফ্রিদি ছাড়াও ত্রিদেশীয় সিরিজটিতে আম্পায়ারিং প্যানেলে রয়েছেন নিউজিল্যান্ডের ওয়েন নাইটস, পাকিস্তানের আসিফ ইয়াকুব, নাসির হুসেইন ও রশিদ রিয়াজ ওয়াকার। সিরিজের সাত ম্যাচেই ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার জেফ্রি ক্রো।

২০২৬ থেকে ২০২৭ মৌসুমের জন্য আইসিসির এলিট প্যানেলের আম্পায়ারদের তালিকায় রয়েছেন সৈকত। সেই প্যানেলে বাংলাদেশের একমাত্র আম্পায়ার তিনিই।