হোম > খেলা > ক্রিকেট

‘এই উইকেটে ব্যাটিং করা কঠিন ছিল’

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ট্রফি হাতে বাংলাদেশ অধিনায়ক শান্ত। দ্বিতীয় ম্যাচে বাজে ব্যাটিংয়ে হেরেছে তাঁর দল। ছবি: এএফপি

ভেন্যু বদলে যেতেই বদলে গেল দৃশ্যপট। ডারউইনে আত্মবিশ্বাসী ব্যাটিংয়ের পর ম্যাকাইতে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ। ফলাফল—মাত্র পাঁচ সেশনেই ইনিংস এবং ৫১ রানের হার। এমন লজ্জাজনক হারের পর উইকেট নিয়ে আলাদাভাবে কথা বলেছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

প্রথম টেস্ট হারের পর জিততে মরিয়া ছিল অস্ট্রেলিয়া। বাংলাদেশকে হারিয়ে সমতায় সিরিজ শেষ করেছে প্যাট কামিন্সের দল। এই জয়ের পথে প্রথমবার টেস্ট আয়োজন করা ম্যাকাইয়ের উইকেট থেকেও সহায়তা পেয়েছে স্বাগতিকেরা। ম্যাচ শুরুর আগেই শোনা যায়, ম্যাকাইয়ের উইকেট হবে ব্রিসবেনের মতো পেস সহায়ক। গতি বাউন্সের পাশাপাশি সুইং-ও পাবেন পেসাররা; হয়েছেও তাই। পেস সহায়ক উইকেটে শরীফুল দুর্দান্ত বোলিং করলেও দাঁড়াতেই পারেননি বাংলাদেশের ব্যাটাররা। হারের পর শান্তর সরল স্বীকারোক্তি, ম্যাকাইয়ের কন্ডিশন ব্যাটারদের জন্য বেশ কঠিন ছিল। একই সঙ্গে অস্ট্রেলিয়ার প্রশংসাও করেছেন তিনি।

শান্ত বলেন, ‘আমরা জানি অস্ট্রেলিয়া কতটা ভালো দল। তারা নিজেদের সামর্থ্য ও মানসিক দৃঢ়তার প্রমাণ দিয়েছে। এই টেস্ট ম্যাচে আমরা আমাদের সেরা খেলাটা খেলতে পারিনি। কন্ডিশনও ছিল ভিন্ন। বাড়তি বাউন্স ছিল, বাতাসে সুইংও ছিল। আমাদের জন্য এটি বেশ চ্যালেঞ্জিং ছিল। তবে দল হিসেবে আমরা যদি সামনে এগিয়ে যেতে চাই, তাহলে এই ধরনের কন্ডিশনে নিজেদের ঘাটতিগুলো নিয়ে কাজ করতে হবে। আমার মনে হয়, এই অভিজ্ঞতা সামনে এগিয়ে যেতে আমাদের অনেক সাহায্য করবে।’

শান্তর বিশ্বাস, অস্ট্রেলিয়ায় নিয়মিত খেলার সুযোগ পেলে এমন কন্ডিশনে আরও উন্নতি করবে বাংলাদেশ, ‘সত্যি বলতে, সব ব্যাটারের জন্যই বেশ কঠিন ছিল। শরীফুলের বোলিংয়ের সময় তাদের ব্যাটারদেরও ভুগতে হয়েছে। সত্যিই ব্যাটিং করার জন্য উইকেটটি বেশ কঠিন ছিল। আমাদের ধারাবাহিক হতে হবে। আমি বিশ্বাস করি, একই ধরনের কন্ডিশনে আমরা যদি আরও বেশি খেলার সুযোগ পাই, তাহলে আমাদের খেলা আরও উন্নত হবে। আর আমরা সেটাই চাই। এখানে আসার জন্য যেন ২৩ বছর অপেক্ষা করতে না হয়। আমরা যদি আরও নিয়মিত এখানে এসে খেলার সুযোগ পাই, তাহলে আমাদের ক্রিকেট আরও উন্নতি করবে।’