ভারতে আত্মহত্যা করেছে ১৭ বছর বয়সী নারী ক্রিকেটার নন্দিনী রাঠোর। এ ঘটনায় ক্রিকেট পাড়ায় শোকের ছায়া নেমে এসেছে। নন্দিনী বিসিসিআইয়ের অনূর্ধ্ব-১৯ দলে নির্বাচিত হয়েছিলেন বলে জানা গেছে। এ ঘটনায় অনিল ও কৃষ্ণ নামে দুই যুবকের বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুলেছে তার পরিবার।
গতকাল ভারতের তেলেঙ্গানা রাজ্যের ভিকারাবাদ শহরের মধু কলোনিতে দাদির বাড়িতে আত্মহত্যা করেন নন্দিনী। তিনি ইয়ালাল মণ্ডলের সাঙ্গাইয়াপল্লি গ্রামের বাসিন্দা ছিলেন। পড়াশোনা ও ক্রিকেটের প্রশিক্ষণের জন্য ভিকারাবাদে দাদির সঙ্গে থাকতেন তিনি।
নন্দিনীর পরিবারের অভিযোগ, অনিল ও কৃষ্ণ নামে দুই যুবক তাকে বিভিন্নভাবে বিরক্ত ও হয়রানি করতেন। পরিবারের দাবি, অনিল প্রেমের সম্পর্কের অজুহাতে নন্দিনীর পিছু নিতেন। আর কৃষ্ণ তাকে সহযোগিতা করতেন। স্বজনদের ধারণা, ওই দুই যুবকের কথিত হয়রানি নন্দিনীর মৃত্যুর পেছনে ভূমিকা রেখে থাকতে পারে।
ভিকারাবাদ সার্কেল ইন্সপেক্টর (সিআই) রঘু জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। নন্দিনীর বাবার দায়ের করা অভিযোগের ভিত্তিতে একটি অপমৃত্যুর মামলা নথিভুক্ত করা হয়েছে।
এ ঘটনায় নন্দিনীর মোবাইল ফোন জব্দ করেছে পুলিশ। সেই সঙ্গে তিনি কোনো ধরনের হয়রানির শিকার হয়েছিলেন কি না, তা খতিয়ে দেখতে বিভিন্ন মাধ্যমের অ্যাকাউন্ট ও যোগাযোগের তথ্যসহ ডিজিটাল প্রমাণ পরীক্ষা করা হচ্ছে।
সিআই রঘু বলেন, 'সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ তাকে হয়রানি বা বিরক্ত করেছিল কি না, তা নিশ্চিত হতে আমরা তার ইনস্টাগ্রাম, ফেসবুক ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট পরীক্ষা করব। তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।'
তিনি আরও জানান, ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে এবং মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।এ ঘটনার পর নন্দিনীর পরিবারের সদস্য ও স্বজনেরা ভিকারাবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। তাকে হয়রানির অভিযোগে অভিযুক্ত দুই যুবককে অবিলম্বে গ্রেপ্তার করে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানান তারা। পুলিশ জানিয়েছে, তদন্তে ডিজিটাল যোগাযোগের তথ্যসহ অন্যান্য প্রমাণ গুরুত্বের সঙ্গে পরীক্ষা করা হচ্ছে। হয়রানির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
তবে নন্দিনীর মৃত্যুর সঠিক কারণ ও পরিস্থিতি এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। ওই দুই যুবকের কথিত সংশ্লিষ্টতার বিষয়টি তদন্তাধীন রয়েছে। পুলিশ জানিয়েছে, তাদের দুজনকেই আটক করা হয়েছে।