হোম > খেলা > ক্রিকেট

আফগানিস্তানের লিগে বাবর-রিজওয়ানদের খেলতে দেবে না পিসিবি

ক্রীড়া ডেস্ক    

এপিএলে দেখা যাবে না পাকিস্তানি ক্রিকেটারদের। ছবি: সংগৃহীত

আফগানিস্তান প্রিমিয়ার লিগের (এপিএল) এবারের আসরে নিজেদের ক্রিকেটারদের খেলার অনুমতি দেবে না পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দেশটির সংবাদমাধ্যমের বরাতে ক্রিকেট অ্যাডিক্টর জানিয়েছে, এপিএলে অংশ নিতে কোনো ক্রিকেটারকে অনাপত্তিপত্র বা এনওসি দেবে না পিসিবি।

আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) চলতি বছর এপিএল টি-টোয়েন্টি ফিরিয়ে আনার ঘোষণা দিয়েছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, চলতি বছরের শেষ দিকে সংযুক্ত আরব আমিরাতে টুর্নামেন্টটি শুরু হওয়ার কথা। এবারের আসরে অংশ নেবে পাঁচটি ফ্র্যাঞ্চাইজি।

এরই মধ্যে এপিএলের দুটি ফ্র্যাঞ্চাইজি বালখ জওয়ানান ও কান্দাহার ওয়ারিয়র্স চার পাকিস্তানি ক্রিকেটারের সঙ্গে যোগাযোগ করেছিল। তারা কোচিংয়ের দায়িত্ব দেওয়ার জন্য সাবেক দুই পাকিস্তানি ক্রিকেটারের সঙ্গেও যোগাযোগ করে।

তবে পাকিস্তান সরকার পিসিবিকে জানিয়ে দেয়, বর্তমান কিংবা সাবেক কোনো পাকিস্তানি ক্রিকেটারকে এপিএলের সঙ্গে যুক্ত হওয়ার অনুমতি দেওয়া যাবে না। এরপর ছয়টি প্রস্তাবই ব্যর্থ হয়। পিসিবিও সংশ্লিষ্ট ক্রিকেটারদের এনওসি দেবে না বলে জানিয়ে দিয়েছে।

পিসিবির সূত্র জানিয়েছে, ক্রিকেটারদের স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে, এপিএলের সঙ্গে কোনো ধরনের সম্পৃক্ততা রাখা যাবে না। দুই দেশের চলমান রাজনৈতিক ও কূটনৈতিক উত্তেজনার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

এর আগে পিএসএল ২০২৬ নিয়েও পাকিস্তান ও আফগানিস্তানের ক্রিকেট সম্পর্কের টানাপোড়েন দেখা যায়। কয়েকজন শীর্ষ আফগান ক্রিকেটার পিএসএল থেকে নিজেদের সরিয়ে নেন। এরপর এসিবি বিদেশি টি-টোয়েন্টি লিগে নিজেদের ক্রিকেটারদের অংশগ্রহণ নিয়েও বিধিনিষেধ আরোপ করে।

পিসিবির সাম্প্রতিক সিদ্ধান্তের পেছনে দুই দেশের রাজনৈতিক সম্পর্কের অবনতিও গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। পাকিস্তান আফগানিস্তানের তালেবান সরকারের বিরুদ্ধে তেহরিক ই তালেবান পাকিস্তানকে আশ্রয় দেওয়ার অভিযোগ করে আসছে। আফগান সরকার অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে।

সীমান্ত সংঘাত, সামরিক অভিযান এবং ডুরান্ড লাইন নিয়ে দীর্ঘদিনের বিরোধ দুই দেশের সম্পর্কে আরও উত্তেজনা তৈরি করেছে। সেই উত্তেজনার প্রভাব এবার দুই দেশের ক্রিকেটেও স্পষ্ট হয়ে উঠছে।