হোম > খেলা > ক্রিকেট

‘বাংলাদেশের অবশ্যই চ্যাম্পিয়ন হওয়া উচিত’

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ত্রিদেশীয় সিরিজে আফগানিস্তান-জিম্বাবুয়ের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ছবি: ক্রিকইনফো

আবুধাবি টেস্ট শেষ হওয়ার এক সপ্তাহের মধ্যেই শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ে-আফগানিস্তান ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। সাদা বলের সিরিজ খেলতে তাসকিন আহমেদ-নুরুল হাসান সোহান-মোস্তাফিজুর রহমানরা উড়াল দিয়েছেন আমিরাতের উদ্দেশ্যে। বিমানে ওঠার পর সামাজিক মাধ্যমে ছবি পোস্ট করেছেন তাসকিন-মোস্তাফিজ।

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে একমাত্র বহুজাতিক টুর্নামেন্ট জেতে ২০১৯ সালে। সেবার ডাবলিনে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। ত্রিদেশীয় সিরিজের অপর দল ছিল আয়ারল্যান্ড। সাত বছর পর আরও একটা বহুজাতিক টুর্নামেন্ট জয়ের লক্ষ্যে আজ আমিরাতে উড়াল দিচ্ছে বাংলাদেশ। বিমানবন্দরে একে একে নামতে থাকেন আলিস আল ইসলাম-সোহান-তাসকিনরা।

সানগ্লাস পরা সোহান সংবাদমাধ্যমের মুখোমুখি যখন হয়েছেন, তখন ত্রিদেশীয় সিরিজ নিয়ে দলের লক্ষ্যের কথা জানিয়েছেন। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে অনুষ্ঠেয় ত্রিদেশীয় সিরিজ গুরুত্বপূর্ণ মনে করেন তিনি। আগামী বছর হবে এশিয়া কাপও। ৩২ বছর বয়সী উইকেটরক্ষক ব্যাটার আজ বিমানবন্দরে বলেন, ‘অবশ্যই যেটা বললাম যে এশিয়া কাপের পরপরই বিশ্বকাপ। যেহেতু বড় দুইটা টুর্নামেন্ট আছে, তার আগে এরকম ত্রিদেশীয় সিরিজ খেলার সুযোগ পাচ্ছি। যদি দল হিসেবে বলি অবশ্যই আমাদের এখানে ভালো করা উচিত এবং চ্যাম্পিয়ন হওয়া উচিত।’

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ হবে আবুধাবি ও শারজাতে। এর আগে মরুতে কেমন গরম, সেটা টের পাচ্ছেন লিটন দাস-মেহেদী হাসান মিরাজ-তানজিদ হাসান তামিমরা। আবুধাবিতে আজ শেষ হচ্ছে বাংলাদেশ-আফগানিস্তানের একমাত্র টেস্ট। সতীর্থদের খেলা দেখার সুবাদে আমিরাতের আবহাওয়া সম্পর্কে সোহানের ধারণা পাওয়ার কথা। তাছাড়া গত বছর আফগানিস্তানের বিপক্ষে মরুর বুকেও খেলেছেন তিনি।

আবহাওয়া নিয়ে সোহান তেমন একটা চিন্তিত নন। আজ বিমানবন্দরে ৩২ বছর বয়সী উইকেটরক্ষক ব্যাটার বলেন, ‘গরমটা একটু আছে। তবে আমার কাছে মনে হয় দুই দলের জন্যই সমান হবে। তাই এই জায়গায় আমাদের যতটুকু সামর্থ্য আছে, যতটুকু মানিয়ে নিতে পারি, সেই চেষ্টাই করব।’

বিমানে উঠে ছবি তুলে ফেসবুকে পোস্ট করে ক্যাপশনে তাসকিন লিখেছেন, ‘শুভ সকাল সবাইকে। ত্রিদেশীয় সিরিজের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। সবাই দোয়া করবেন।’ মোস্তাফিজ ফেসবুকে লিখেছেন, ‘ত্রিদেশীয় সিরিজ খেলতে সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছি। আমাদের জন্য দোয়া করবেন।’