হোম > খেলা > ক্রিকেট

হারের পর বড় ধাক্কা খেল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক    

দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষ হাসান মাহমুদের। ছবি: বিসিবি

জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটে হেরে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছে বাংলাদেশের। এখন তারা খেল অনেক বড় ধাক্কা। ছন্দে থাকা পেসার হাসান মাহমুদ দক্ষিণ আফ্রিকা সিরিজে আর খেলতে পারছেন না।

ডান কনুইয়ের চোটে পড়ায় মূলত দক্ষিণ আফ্রিকা সিরিজের বাকি অংশ থেকে হাসান ছিটকে গেছেন। এখন তিনি দেশ ফিরছেন বলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে। তাতে করে সেঞ্চুরিয়নে ২৩ নভেম্বর শুরু হতে যাওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্ট তো খেলা হচ্ছেই না। এমনকি সাদা বলের সিরিজেও খেলতে পারছেন না তিনি।

চোট থেকে সেরে উঠতে যেন পর্যাপ্ত সময় পান, একারণেই দক্ষিণ আফ্রিকা সিরিজের বাকি অংশ থেকে তাঁকে বাদ দেওয়া হয়েছে। এমনকি আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত সূচির কথা মাথায় রাখা হয়েছে বলে জানিয়েছে বিসিবি। চোট থেকে পুরোপুরি সেরে ওঠার পাশাপাশি সর্বোচ্চ পর্যায়ের ফিট হয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে পারবেন বলে আশা বিসিবির।

২০২৪ থেকে শুরু করে সদ্য শেষ হওয়া জোহানেসবার্গ টেস্ট পর্যন্ত ক্রিকেটের রাজকীয় সংস্করণে হাসান খেলেছেন ২০ ম্যাচ। ২৮.৭৭ গড়ে নিয়েছেন ৬৩ উইকেট। ইনিংসে ৫ উইকেট নিয়েছেন পাঁচটা। সেই পাঁচটা আবার পাঁচ ভেন্যুতে। চেন্নাই, রাওয়ালপিন্ডি, ডারউইন, আবুধাবি, সিলেট—এই পাঁচ ভেন্যুতে তাঁর ফাইফার রয়েছে। হ্যাটট্রিক করেছেন অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে। গতকাল শেষ হওয়া জোহানেসবার্গ টেস্টে পেয়েছেন ৪ উইকেট। পিছিয়ে পড়া বাংলাদেশের জন্য হাসানের না থাকা বড় এক ধাক্কাই বলা চলে।

সিরিজ বাঁচাতে শেষ টেস্ট জয়ের কোনো বিকল্প নেই নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ দলের। সেঞ্চুরিয়নে ২৩ নভেম্বর শুরু হবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজের দ্বিতীয় টেস্ট। লাল বলের সিরিজ শেষে সাদা বলের সিরিজ খেলবে দুই দল। ১ থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত হবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজের তিন ওয়ানডে। টি-টোয়েন্টিও খেলবে তিনটি। এই তিন টি-টোয়েন্টি হবে ১০, ১২ ও ১৩ ডিসেম্বর।