হোম > খেলা > ক্রিকেট

সেমিফাইনালে পাকিস্তানকে পেল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক    

সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। ছবি: সংগৃহীত

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে গতকাল মালয়েশিয়াকে উড়িয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে মালয়েশিয়াকে ২০৫ রানের বিশাল ব্যবধানে হারিয়েছিল জুনিয়র টাইগাররা। ওমানের আল আমেরাত গ্রাউন্ডে আজ নেপালকে ১০১ রানে হারিয়ে ‘এ’-এর শীর্ষে থেকে শেষ চার নিশ্চিত করেছে পাকিস্তানও। তাতে সেমিফাইনালে পাকিস্তানকে পাচ্ছে বাংলাদেশ।

আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে পরশু সেমিফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১১টায়। গ্রুপ ‘বি’-তে তিন ম্যাচে দুই জয় ও এক হারে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হয় বাংলাদেশ। একই গ্রুপে তিন ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করে আফগানিস্তান।

গ্রুপ ‘এ’-এর শেষ ম্যাচে নেপালের বিপক্ষে আগে ব্যাট করে ৭ উইকেটে ২৭৫ রান করে পাকিস্তান। জবাবে ৪৩.৪ ওভারে ১৭৪ রানেই অলআউট হয়ে যায় নেপাল।

তিন ম্যাচের তিনটিতে জিতে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে থেকে শেষ চার নিশ্চিত করে পাকিস্তান। ফলে সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হয়েছে তারা। ৪ পয়েন্ট নিয়ে ভারত ‘এ’ গ্রুপ রানার্সআপ। সংযুক্ত আরব আমিরাতকে ৭০ রানে হারিয়ে ভারত পেয়েছে ৪ পয়েন্ট।

গতকাল নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে প্রথমে ব্যাটিং করে নেমে ৮ উইকেটে ৩০৩ রান করে বাংলাদেশ। জবাবে বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র ৯৮ রানেই গুটিয়ে যায় মালয়েশিয়া। পরশু বাংলাদেশ সময় সকাল ১১টায় হতে যাওয়া প্রথম সেমিফাইনালে খেলবে বাংলাদেশ-পাকিস্তানে। একই সময়ে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত-আফগানিস্তান।