হোম > খেলা > ক্রিকেট

দিনুশার সেঞ্চুরির পরও বেকায়দায় শ্রীলঙ্কা, জয়ের আশা ভারতের

ক্রীড়া ডেস্ক    

টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছেন সোনাল দিনুশা। ছবি: ক্রিকইনফো

আন্তর্জাতিক ক্রিকেটে সোনাল দিনুশার পথচলাটা বেশি দিনের নয়। গলে চলমান ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টটা তাঁর ক্যারিয়ারের চতুর্থ ম্যাচ। এই চতুর্থ ম্যাচেই পেয়ে গেলেন সেঞ্চুরি। তাঁর তিন অঙ্ক ছোঁয়ার পরও স্বস্তিতে নেই লঙ্কানরা।

ভারত-শ্রীলঙ্কা গল টেস্টে পাল্লা দিয়ে খেলছে বৃষ্টি। তিন দিন মিলিয়ে ২৭০ ওভার খেলা হওয়ার থাকলেও হয়েছে ১৯৬.২ ওভার। পড়েছে ২০ উইকেট। ভারত পেয়েছে ১৭৮ রানের লিড। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী গল টেস্টের চতুর্থ ও পঞ্চম দিনে বৃষ্টির সম্ভাবনা ৩০ ও ১৫ শতাংশ। আগামীকাল গলের আবহাওয়া রৌদ্রোজ্জ্বল থাকলেও পরশু আকাশ থাকবে মেঘাচ্ছন্ন।

প্রথম ইনিংসে ১১৬ ওভারে ৯ উইকেটে ৪৬০ রানে আজ তৃতীয় দিনের খেলা শুরু করে ভারত। দিনের খেলার চতুর্থ বলেই প্রসিধ কৃষ্ণাকে (২) ফিরিয়ে সফরকারীদের ইনিংসের ইতি টানেন আসিতা ফার্নান্দো। ১১৬.৪ ওভারে ৪৬২ রানে গুটিয়ে যায় ভারত। দেবদূত পাড়িক্কালের ১৬৭ রানই সফরকারীদের ইনিংসে সর্বোচ্চ। ২৩০ বলের ইনিংসে মারেন ১৫ চার ও ১ ছক্কা। দ্বিতীয় সর্বোচ্চ ৮২ রান করেন লোকেশ রাহুল।

শ্রীলঙ্কার বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন প্রবাত জয়াসুরিয়া। ৩৯ ওভারে খরচ করেন ১০৯ রান। দিয়েছেন ৬ ওভার মেডেন। সমান ৩৯ ওভার বোলিং করে ১৭৫ রানে ৩ উইকেট নিয়েছেন কেশারা নুয়ান্তা। গল টেস্ট দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে ২৫ বছর বয়সী এই স্পিনারের।

ব্যাটিংয়ে নেমে ৯০ রানে ৫ উইকেটে পরিণত হয় শ্রীলঙ্কা। বিপদে পড়া লঙ্কানরা উদ্ধার হয় নিরোশান ডিকভেলা ও দিনুশার জুটিতে। ষষ্ঠ উইকেটে ২১৭ বলে ১৪৬ রানের জুটি গড়েন দিনুশা-ডিকভেলা। একটা সময়ে দুজনের সেঞ্চুরির প্রবল সম্ভাবনা ছিল। টেস্টে দুজনেরই সেটা হতো প্রথম সেঞ্চুরি। দিনুশা ঠিকই সেঞ্চুরির দেখা পেয়েছেন। তবে ডিকভেলা আউট হয়েছেন ৮০ রানে। ৫৫ টেস্টের ক্যারিয়ারে ২৩ ফিফটি করলেও কোনোটিকে তিন অঙ্কে রূপ দিতে পারেননি তিনি।

৬২তম ওভারের চতুর্থ বলে ডিকভেলাকে ফিরিয়ে ষষ্ঠ উইকেটের ১৪৬ রানের জুটি ভাঙেন কৃষ্ণা। এখান থেকেই শুরু লঙ্কানদের ইনিংসে ভাঙন। ৪৮ রানে শেষ ৫ উইকেট হারিয়ে ৭৯.৪ ওভারে ২৮৪ রানে গুটিয়ে যায় লঙ্কানরা। ইনিংসে সর্বোচ্চ ১০০ রান করেন দিনুশা। ১৬৮ বলের ইনিংসে মারেন ৪ চার ও ২ ছক্কা। লঙ্কানদের ইনিংস শেষে বৃষ্টি নামলে সেখানেই দিনের খেলা শেষ ঘোষণা করা হয়। ভারতের দুই বাঁহাতি স্পিনার রবীন্দ্র জাদেজা ও মানব সুথার ৭ উইকেট ভাগাভাগি করে নিয়েছেন। সুথার ও জাদেজা পেয়েছেন ৪ ও ৩ উইকেট।

আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত কেবল চার টেস্ট খেলেছেন দিনুশা। গত বছর কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে বাংলাদেশের বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু হয় তাঁর। ৬ ইনিংসে ৫৭.২০ গড়ে করেন ২৮৬ রান। একটি করে সেঞ্চুরি ও ফিফটি রয়েছে তাঁর। বোলিংয়ে পেয়েছেন ৬ উইকেট।