হোম > খেলা > ক্রিকেট

ইনিংস হার এড়ালেও শঙ্কা কাটেনি শ্রীলঙ্কার

ক্রীড়া ডেস্ক    

ইনিংস ব্যবধানে হার থেকে বাঁচল শ্রীলঙ্কা। ছবি: ক্রিকইনফো

রাওয়ালপিন্ডি টেস্টে দ্বিতীয় দিনের খেলা শেষে ইনিংস ব্যবধানে হারের শঙ্কা তৈরি হয়েছিল শ্রীলঙ্কার। প্রথম ইনিংসে মাত্র ৯৮ রানে অলআউট হওয়ার পর জবাবে ৩২৫ রান তুলেছিল পাকিস্তান। এতে ২২৫ রানে পিছিয়ে থেকে ব্যাটিং করতে নেমে ৭৪ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে লঙ্কানরা।

তবে তৃতীয় দিনে ঘুরে দাঁড়িয়ে সেই শঙ্কা আপাতত কাটিয়েছে সফরকারীরা। তৃতীয় দিন শেষে ৯ উইকেটে ৩০৯ রান করে তারা। তাতে পাকিস্তানের চেয়ে ৮২ রানে এগিয়ে থাকলেও স্বস্তিতে নেই লঙ্কানরা।

আজ রাওয়ালপিন্ডিতে ৩ উইকেটে ৭৪ রান নিয়ে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপদে পড়ে শ্রীলঙ্কা। মাত্র ১০ রানেই ফিরে যান দুই ব্যাটার। এরপর কামিন্দু মেন্ডিস ১৬ ও ধনাঞ্জয়া ডি সিলভা ৩৭ রান করে দলকে কিছুটা এগিয়ে নেন। তবে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সফরকারীরা।

একপ্রান্ত আগলে রেখে দলের হাল ধরেন অধিনায়ক কুশল মেন্ডিস। ১২৬ বলে ৮ চারে ৫৩ রান করেন তিনি। পঞ্চম উইকেটে পাসিন্দু সুরিয়াবন্দরার সঙ্গে তাঁর জুটি দলকে বিপর্যয় থেকে টেনে তোলে। পাসিন্দু করেন ১১৬ বলে ৩৮ রান।

এরপর সোনাল দিনুশার সঙ্গে জুটি গড়ে শ্রীলঙ্কার লিড বাড়ানোর পথ তৈরি করেন কুশল। তবে ৮১ রানের গুরুত্বপূর্ণ জুটি ভাঙেন সালমান আগা। চা-বিরতির আগে কুশলের বিদায়ে আবারও চাপে পড়ে শ্রীলঙ্কা।

দিনের শেষ দিকে সোনাল দিনুশা ও মিলান রত্নায়েকের ব্যাটে ঘুরে দাঁড়ায় সফরকারীরা। ১১৯ বলে সাতটি চারে ৫৪ রান করে দিনুশা ফিরলেও অবিচল ছিলেন রত্নায়েকে। শেষ পর্যন্ত ৮২ বলে ১১টি চারের সাহায্যে ৬০ রান করে অপরাজিত থাকেন তিনি।

পাকিস্তানের হয়ে আমের জামাল তিনটি উইকেট নিয়েছেন। মোহাম্মদ আব্বাস ও রাজাউল্লাহ পেয়েছেন দুটি করে উইকেট।

পাকিস্তানের চেয়ে ৮২ রানে এগিয়ে থাকলেও শ্রীলঙ্কার হাতে আছে মাত্র এক উইকেট। আর শেষ উইকেটটি দ্রুত তুলে নিয়ে জয় নিশ্চিত করে সিরিজ জয়ের লক্ষ্যেই চতুর্থ দিন মাঠে নামবে স্বাগতিকেরা।