হোম > খেলা > ক্রিকেট

কোহলির সামনে নতুন ইতিহাসের হাতছানি

ক্রীড়া ডেস্ক    

বিরাট কোহলি ও শচীন টেন্ডুলকার। ছবি: সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগেই একাধিক মাইলফলকের সামনে দাঁড়িয়ে বিরাট কোহলি। আজ তিরুবনন্তপুরমে সিরিজের প্রথম ওয়ানডেতে সফরকারীদের আতিথেয়তা দেবে ভারত। এই সিরিজে আর ৫৯ রান করলেই ওয়ানডেতে ১৫ হাজার রানের মাইলফলক ছুঁয়ে ফেলবেন কোহলি।

ওয়ানডেতে এখন পর্যন্ত ৩১৪ ম্যাচের ৩০২ ইনিংসে ১৪,৯৪১ রান করেছেন কোহলি। ব্যাটিং গড় ৫৮.৫৯। তাঁর নামের পাশে রয়েছে ৫৪ সেঞ্চুরি ও ৭৯টি হাফ সেঞ্চুরি। দ্বিতীয় ব্যাটার হিসেবে ওয়ানডেতে ১৫ হাজার রানের মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় ভারতের সাবেক অধিনায়ক।

শুধু ১৫ হাজার রান নয়, শচীনের আরও কয়েকটি রেকর্ডও ভাঙার সুযোগ কোহলির সামনে। লিস্ট ‘এ’ ক্রিকেটে শচীনের ৬০ সেঞ্চুরির রেকর্ড থেকে মাত্র একটি সেঞ্চুরি দূরে রয়েছেন কোহলি। আর দুটি সেঞ্চুরি করলে কিংবদন্তি ব্যাটারের রেকর্ড নিজের দখলে নেবেন তিনি।

ঘরের মাঠে আন্তর্জাতিক সেঞ্চুরির হিসেবেও শচীনের খুব কাছে কোহলি। দেশের মাটিতে তাঁর সেঞ্চুরি ৪১টি। শচীনের রেকর্ড ৪২টি। সেটি পেরোতে কোহলির প্রয়োজন আর দুটি সেঞ্চুরি।

দেশের মাটিতে ওয়ানডেতে সবচেয়ে বেশি রানের রেকর্ডও এখন কোহলির নাগালের মধ্যে। ঘরের মাঠে ১৬৪ ম্যাচে শচীন করেছেন ৬,৯৭৬ রান। কোহলির সংগ্রহ ১৩০ ম্যাচে ৬,৮৬৭ রান। রেকর্ডটি নিজের করে নিতে তাঁর প্রয়োজন আর ১১০ রান। ঘরের মাঠে কোহলির ব্যাটিং গড় ৬২.৪২। সেখানে তিনি ২৭ সেঞ্চুরি ও ৩৬টি হাফ সেঞ্চুরি করেছেন।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কোহলির পরিসংখ্যানও দারুণ। ক্যারিবীয়দের বিপক্ষে ৪৩ ম্যাচের ৪১ ইনিংসে ২,২৬১ রান করেছেন তিনি। ব্যাটিং গড় ৬৬.৫০। রয়েছে ৯ সেঞ্চুরি ও ১১টি হাফ সেঞ্চুরি।

তিরুবনন্তপুরমও কোহলির জন্য সুখস্মৃতির মাঠ। এই ভেন্যুতে দুটি ওয়ানডে খেলে এখনো আউট হননি তিনি। করেছেন ১৯৯ রান। এর মধ্যে ২০২৩ সালের জানুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে ১১০ বলে অপরাজিত ১৬৬ রানের ইনিংসটিই তাঁর সেরা। সেই ইনিংসে ১৩টি চার ও ৮টি ছক্কা মেরেছিলেন কোহলি।

আন্তর্জাতিক ক্রিকেটে ১০০ সেঞ্চুরির মাইলফলক স্পর্শের সুযোগও রয়েছে কোহলির। তিন সংস্করণ মিলিয়ে তাঁর সেঞ্চুরি এখন ৮৫টি। চলতি বছর ওয়ানডেতে ছয় ইনিংসে ৩৮৪ রান করেছেন তিনি। ব্যাটিং গড় ৬৪.০০ এবং স্ট্রাইক রেট ১০৬ এর বেশি। এর মধ্যে রয়েছে একটি সেঞ্চুরি ও তিনটি হাফ সেঞ্চুরি।