তাওহীদ হৃদয়ের বীরত্বপূর্ণ ৩৫০ রানের ইনিংসে বাংলাদেশ ‘এ’ দল দ্বিতীয় চার দিনের ম্যাচ ড্র করে হইচই ফেলে দিয়েছে। পচেফস্ট্রুমে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে এমন অসাধারণ ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছিলেন তিনি। ওয়ানডেতেও নিশ্চয়ই এমন কিছুর স্বপ্ন দেখেছিলেন। কিন্তু বৃষ্টি যে সেটা আর হতে দিল না।
পচেফস্ট্রুম থেকে ব্লুমফন্টেইন—৩২৩ কিলোমিটার দূরে এবার ভিন্ন সংস্করণে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ‘এ’ দল। আজ শুরু হওয়ার কথা ছিল দুই দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। কিন্তু ব্লুমফন্টেইনে মুষলধারে বৃষ্টির কারণে প্রথম ওয়ানডেতে সব মিলিয়ে ৬৬ বলের খেলা হয়েছে। ম্যাচ শেষ পর্যন্ত পরিত্যক্ত হয়েছে।
ব্লুমফন্টেইনে আজ বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের প্রথম ওয়ানডে শুরু হওয়ার কথা ছিল বেলা দেড়টায়। কিন্তু বৃষ্টির বাগড়ায় তিন ঘণ্টা বেশি সময় পর শুরু হয় ম্যাচ। ৫০ ওভারের পরিবর্তে ম্যাচ নেমে আসে ৩৩ ওভারে। টস হেরে আগে ব্যাটিং পাওয়া বাংলাদেশ ‘এ’ দলের স্কোর যখন ১১ ওভারে ১ উইকেটে ৪৭ রান, তখন আবার বাগড়া দেয় বৃষ্টি। শেষ পর্যন্ত ম্যাচটা পরিত্যক্ত ঘোষণা করা হয়।
সাইফ হাসান ১৩ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি। দক্ষিণ আফ্রিকার পেসার ওখুলে সেলের বলে কাট করতে গিয়ে বোল্ড হয়ে যান সাইফ। টস হেরে আগে ব্যাটিং পাওয়া বাংলাদেশ ‘এ’ ৫.১ ওভারে ১ উইকেটে ২৬ রানে পরিণত হয়। নাঈম শেখ ও পারভেজ হোসেন ইমন ২৮ ও ১৪ রানে অপরাজিত থেকেছেন। ১১ ওভার শেষে দীর্ঘক্ষণ বৃষ্টির কারণে খেলা বন্ধ থাকায় ম্যাচ পুনরায় শুরু করা সম্ভব হয়নি।
বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের তিন ওয়ানডে হবে তিন ভেন্যুতে। দ্বিতীয় ওয়ানডে ৯ সেপ্টেম্বর হবে কিম্বার্লিতে। তৃতীয় তথা শেষ ওয়ানডের ভেন্যু পচেফস্ট্রুম। ১২ সেপ্টেম্বর হবে এই ম্যাচ। শেষ দুই ওয়ানডেও বাংলাদেশ সময় বেলা দেড়টায় শুরু হবে।