হোম > খেলা > ক্রিকেট

তবু তাসকিন-মোস্তাফিজের চেয়ে পিছিয়ে রেকর্ড গড়া অস্ট্রেলিয়ার এই ক্রিকেটার

ক্রীড়া ডেস্ক    

ওয়ানডে অভিষেকে সর্বকনিষ্ঠ বোলার হিসেবে ইনিংসে ৫ উইকেট নেওয়ার কীর্তি তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমানের। ছবি: সংগৃহীত

ঘড়ির কাঁটা ঘুরিয়ে ১২ বছর পেছনে ফিরে যাওয়া যাক। মিরপুরে ভারতের বিপক্ষে তাসকিন আহমেদ একের পর এক উইকেট নিয়ে উদযাপন করছেন। নিয়েছেন ৫ উইকেট। তবে বাংলাদেশের ব্যাটারদের ব্যর্থতায় আড়ালে চলে যায় তাসকিনের এই কীর্তি।

তাসকিনের ঠিক পরের বছরে মোস্তাফিজুর রহমান কাঁপিয়ে দিয়েছেন ভারতকেও। ২০১৫ সালে মিরপুরেই মোস্তাফিজ নেন ৫ উইকেট। এবার আর তাসকিনের মতো তিনি পরাজিত দলে থাকেননি। এখন প্রশ্ন আসতেই পারে হঠাৎ কেন তাসকিন-মোস্তাফিজের প্রসঙ্গ আসছে? টাইম-মেশিনে চড়ে বাংলাদেশের তারকা পেসারদের কীর্তি স্মৃতিচারণ করার সুযোগ করে দিয়েছেন মাহলি বিয়ার্ডম্যান। পার্থে ইংল্যান্ডের বিপক্ষে আজ সিরিজের প্রথম ওয়ানডেতে ৬.৪ ওভারে ২৪ রান খরচায় ৬ উইকেট নিয়েছেন বিয়ার্ডম্যান। অস্ট্রেলিয়ার হয়ে ওয়ানডে অভিষেকে সেরা বোলিংয়ের কীর্তি গড়েছেন তিনি। আছেন ওয়ানডে অভিষেকে সেরা বোলিংয়ের সেরা পাঁচেও।

বিয়ার্ডম্যান আগুনে বোলিংয়ে রেকর্ড বই ওলটপালট করে দিলেও তাসকিন-মোস্তাফিজের ধারেকাছেও নেই। ওয়ানডে অভিষেকে সর্বকনিষ্ঠ বোলার হিসেবে ইনিংসে ৫ উইকেট নেওয়ার কীর্তি এখনো তাসকিনের। ২০১৪ সালে তাসকিনের এই কীর্তি গড়ার সময় বয়স ছিল ১৯ বছর ৭৫ দিন। এই তালিকায় দুইয়ে থাকা মোস্তাফিজের ২০১৫ সালে বয়স ছিল ১৯ বছর ২৮৫ দিন।

ওয়ানডে অভিষেকে সর্বকনিষ্ঠ বোলার হিসেবে ফাইফারের রেকর্ডে বিয়ার্ডম্যান আছেন পাঁচ নম্বরে। অস্ট্রেলিয়ার এই পেসার আজ ২১ বছর ৭৪ দিন বয়সে ইংল্যান্ডকে ওলটপালট করে দিয়েছেন। এই তালিকায় তিনে থাকা দক্ষিণ আফ্রিকা পেসার কাগিসো রাবাদা যখন ফাইফার নিয়েছিলেন, তখন তাঁর বয়স ছিল ২০ বছর ৪৬ দিন। ২০১৫ সালে মিরপুরে বাংলাদেশের বিপক্ষে তিনি এমন কীর্তি গড়েছিলেন। করেছিলেন হ্যাটট্রিকও। চারিতা বুদ্ধিকার কীর্তিটা অবশ্য অনেক পেছনের। লঙ্কান অলরাউন্ডার ২০০১ সালে ২১ বছর ৬৫ দিন বয়সে জিম্বাবুয়ের বিপক্ষে নিয়েছিলেন ফাইফার।

সর্বকনিষ্ঠ বোলার হিসেবে ওয়ানডে অভিষেকে ফাইফারের কীর্তিতে সেরা পাঁচে থাকা একমাত্র তাসকিনই পরাজিত দলে। বাকি চার বোলারই জয় নিয়ে মাঠ ছেড়েছেন। আজ পার্থে ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার ৭ উইকেটের জয়ে ম্যাচসেরা হয়েছেন বিয়ার্ডম্যান। ওয়ানডে অভিষেকে একমাত্র ৭ উইকেট নেওয়ার কীর্তি স্কটল্যান্ডের পেসার শার্লি ক্যাসলের। ২০২৪ সালে ওমানের বিপক্ষে ২১ রানে নিয়েছিলেন ৭ উইকেট। প্রোটিয়া পেসার রাবাদা, ওয়েস্ট ইন্ডিজের ফিদেল এডওয়ার্ডস, অস্ট্রেলিয়ার বিয়ার্ডম্যান ও স্কটল্যান্ডের লাইল রবার্টসনের প্রত্যেকের ৬ উইকেট করে নেওয়ার কীর্তি রয়েছে।

সবচেয়ে কম বয়সে ওয়ানডে অভিষেকে ইনিংসে ৫ উইকেট

 বোলার বয়স দল প্রতিপক্ষ সাল ভেন্যু তাসকিন আহমেদ  ১৯ বছর ৭৫ দিন  বাংলাদেশ   ভারত  ২০১৪ মিরপুর মোস্তাফিজুর রহমান  ১৯ বছর ২৮৫ দিন  বাংলাদেশ  ভারত ২০১৫  মিরপুর কাগিসো রাবাদা  ২০ বছর ৪৬ দিন দক্ষিণ আফ্রিকা  বাংলাদেশ ২০১৫  মিরপুর চারিতা বুদ্ধিকা  ২১ বছর ৬৫ দিন শ্রীলঙ্কা  জিম্বাবুয়ে  ২০০১  শারজা মাহলি বিয়ার্ডম্যান  ২১ বছর ৭৪ দিন অস্ট্রেলিয়া ইংল্যান্ড  ২০২৬  পার্থ