হোম > খেলা > ক্রিকেট

চোটের কাছে হার মানলেন ইংলিশ পেসার

ক্রীড়া ডেস্ক    

মার্ক উড। ছবি: সংগৃহীত

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই আর চালিয়ে যেতে পারলেন না মার্ক উড। দীর্ঘদিনের লড়াই শেষে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন এই পেসার। ১১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে তিন সংস্করণ মিলিয়ে ২৫৩ উইকেট নিয়েছেন তিনি।

২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর তিন সংস্করণে ১৪৬ ম্যাচ খেলেছেন উড। ৩৮ টেস্টে ১১৯ উইকেটসহ তাঁর শিকার ২৫৩ উইকেট। ইংল্যান্ডের হয়ে দুই বিশ্বকাপজয়ী দলের সদস্যও ছিলেন তিনি। ২০১৯ সালে ওয়ানডে বিশ্বকাপ এবং ২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতেন উড।

২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে হাঁটুতে চোট পাওয়ার পর থেকে আর নিয়মিত খেলতে পারেননি উড। গত বছরের নভেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজের প্রথম টেস্টে ফিরেছিলেন তিনি। কিন্তু ১১ ওভার বোলিং করার পর আবারও হাঁটুতে চোট পান। এরপর আর ইংল্যান্ডের হয়ে মাঠে নামা হয়নি তাঁর।

স্কাই স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে উড জানান, দীর্ঘদিনের চোটের লড়াই তাঁকে ক্লান্ত করে তুলেছে। আন্তর্জাতিক ক্রিকেটে আগের পর্যায়ে ফিরতে পারবেন কি না, তা নিয়েও সংশয়ে ছিলেন তিনি।

উড বলেন, ‘নভেম্বরে পার্থে খেলা আমার শেষ ম্যাচের পর অনেক দিন কেটে গেছে। গত দেড় বছর ধরে এই লড়াই আমাকে ক্রমেই ক্লান্ত করে তুলেছে। একসময় ভাবতে শুরু করেছি, ‘দেখো, আমি আর কখনোই এই পর্যায়ে ফিরতে পারব না।’

অবসর নিয়ে উড আরও যোগ করেন, ‘সেপ্টেম্বরে আমার চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। আমার মনে হচ্ছে, এটাই সঠিক সময়। আমি কখনোই ইংল্যান্ডের হয়ে খেলা ছেড়ে দিতে চাইনি। তবে দলে যারা উঠে আসছে, তারা দারুণ কাজ করছে। এখন চুক্তি পেতে যাওয়া খেলোয়াড়দের নিয়েই খবর হওয়া উচিত। আর আমি অন্য বিষয়গুলোতে মনোযোগ দিতে পারব।’

২০১৫ সালে ইংল্যান্ডের তিন সংস্করণের দলে জায়গা করে নেন উড। নিজের সর্বস্ব দিয়ে খেলার মানসিকতা ও মাঠের প্রাণবন্ত আচরণে দ্রুতই সমর্থকদের প্রিয় হয়ে ওঠেন তিনি। ওই বছর অ্যাশেজ সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ট্রেন্ট ব্রিজে নাথান লায়নকে আউট করে সিরিজ জয় নিশ্চিত করেন এই পেসার।