হোম > খেলা > ক্রিকেট

ইতিহাস গড়ার পর শান্তদের সঙ্গে কী কথা হয়েছে প্রধানমন্ত্রীর

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

অস্ট্রেলিয়ার মাঠে প্রথমবার টেস্ট জয়ের পর বাংলাদেশ দলের উচ্ছ্বাস। ছবি: এএফপি

মুমিনুল হক ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে চার মারতেই রয়ে গেল ইতিহাস। ডারউইনে উপস্থিত প্রবাসী বাংলাদেশি সমর্থকেরা উড়িয়েছেন লাল সবুজ পতাকা। অস্ট্রেলিয়ার মাঠে নাজমুল হোসেন শান্ত-মুমিনুলদের ইতিহাসে শামিল হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

ডারউইনে ইতিহাস গড়ার পর ভিডিও কলে প্রধানমন্ত্রী কথা বলেছেন শান্তদের সঙ্গে। ৯ উইকেটের ঐতিহাসিক জয়ের পর যখন শান্ত সংবাদ সম্মেলনে আসেন, উপস্থিত সাংবাদিকদের কৌতূহলের জায়গা ছিল সেটিই। বাংলাদেশ টেস্ট অধিনায়ক বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের কথা হয়েছে। আমাদের অভিনন্দন জানিয়েছেন। আমাদের শরীরের কী অবস্থা, সেটারও খোঁজখবর রেখেছেন যে, আমরা ভালো আছি কি না।’

এমন ঐতিহাসিক জয়ের পর শুধু প্রধানমন্ত্রীই নন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবালসহ আরও অনেকেই ফোন দিয়ে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলকে। এগুলোই অনেক বড় প্রাপ্তি বলে মনে করেন শান্ত। বাংলাদেশ টেস্ট অধিনায়ক বলেন, ‘আমাদের বোর্ড সভাপতি ফোন করেছেন। অভিনন্দন জানিয়েছেন। তিনি অনেক খুশি। পাশাপাশি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী ফোন করেছিলেন। তাঁর সঙ্গে কথা হয়েছে। একইভাবে তিনিও অভিনন্দন জানিয়েছেন। এই ফোন কলগুলোই পেয়েছি। এই মুহূর্তগুলোই বিশেষ ছিল। ভালো লেগেছে। আমি খুশি যে, সবাই আমাদের এই জয়টা উপভোগ করছেন এবং সবাই আমি মনে করি যে, দেশের মানুষ অনেক খুশি।’

২০০৩ সালে অস্ট্রেলিয়া সফরে দুটি টেস্টেই বাংলাদেশ হেরেছিল ইনিংস ব্যবধানে। দুটি টেস্টের কোনোটিই পাঁচ দিনে গড়ায়নি। ডারউইনে এবার সিরিজের প্রথম টেস্টেরও ফল এসেছে পাঁচ দিনের আগে। এবার জয়ী দলের নাম বাংলাদেশ।

শান্তর কাছে ডারউইনের এই জয় বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় জয়। বাংলাদেশ টেস্ট অধিনায়ক বলেন, ‘আমার কাছে তাই মনে হয়। আমার মনে হয় যে বাংলাদেশ ক্রিকেটের তিন সংস্করণ মিলে আমাদের অনেক বড় বড় জয় আছে। তবে আমি বলব যে, এটা বাংলাদেশের সবচেয়ে বড় একটা জয়। এটার পেছনে অনেক পরিশ্রম ছিল। তাই আমি মনে করি এটা বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় জয়।’

অস্ট্রেলিয়াকে হারালেও ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে বাংলাদেশ চারে। শান্তর দলের সফলতার হার ৬৬.৬৭ শতাংশ। অস্ট্রেলিয়ারও অবস্থানের পরিবর্তন হয়নি। ৭৭.৭৮ শতাংশ সফলতার হার নিয়ে শীর্ষে অজিরা। ম্যাকেতে ২২ আগস্ট শুরু হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের দ্বিতীয় টেস্ট।