হোম > খেলা > ক্রিকেট

ভারতকে হারিয়ে আয়ারল্যান্ডের অঘটন

ক্রীড়া ডেস্ক    

ভারতকে প্রথম টি-টোয়েন্টিতে ৩৪ রানে হারিয়েছে আয়ারল্যান্ড। ছবি: ক্রিকইনফো

টিম টেক্টর লং অনে ক্যাচ ধরার পর মুষ্টিবদ্ধ উদযাপন শুরু করলেন। তাঁর উদযাপন যেন থামতেই চাইছে না। ফুটবল বিশ্বকাপের উন্মাদনার মধ্যে আজ যাঁরা বেলফাস্টে আয়ারল্যান্ড-ভারত প্রথম টি-টোয়েন্টি দেখেছেন, নিশ্চয়ই তাঁরা বুঝতে পেরেছেন টিম টেক্টরের এমন উচ্ছ্বাসের কারণ। ভারতকে ৩৪ রানে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল আইরিশরা।

ওয়ানডে, টি-টোয়েন্টি মিলিয়ে এর আগে ১১ বারের দেখায় ভারতের বিপক্ষে প্রত্যেকবারই হেরেছিল আয়ারল্যান্ড। বেলফাস্টে আজ ঘরের মাঠে ডেডলক ভাঙল আয়ারল্যান্ড। ভারতের বিপক্ষে প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ম্যাচ জিতল আইরিশরা। টিম টেক্টরের উদযাপনটা পুরো আয়ারল্যান্ড দলেরই প্রতীকী উদযাপন হয়ে রইল।

১৮৩ রানের লক্ষ্যে নেমে অভিষেক শর্মা বিধ্বংসী শুরু করেন। তবে একদিকে তিনি যেমন আয়ারল্যান্ডের বোলারদের বেধড়ক পেটাচ্ছিলেন, অপর প্রান্তে টপাটপ উইকেট পড়তে থাকে। অভিষেককে যখন অষ্টম ওভারের শেষ বলে ফেরান আয়ারল্যান্ডের পেসার লিয়াম ম্যাকার্থি, তখন ভারতের স্কোর হয়েছে ৮ ওভারে ৪ উইকেটে ৮০ রান। এমনকি অভিষেক পুল করতে গিয়ে নিজেও তাজ্জব বনে যান, কীভাবে টাইমিংয়ে গড়বড় করে ডিপ মিড উইকেটে দাঁড়িয়ে থাকা বেন কালিৎজের হাতে ক্যাচ তুলে দেন। ২০ বলে ৭ চার ও ২ ছক্কায় ৪৯ রান করেন অভিষেক।

অভিষেকের বিদায়ের আগে সঞ্জু স্যামসন (৫), ইশান কিষাণ (১), শ্রেয়াস আইয়ার (৩) প্রত্যেকেই এক অঙ্কের ঘরে রান করে বিদায় নিয়েছেন। যেখানে আইয়ারের এই ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়কত্বের সূচনা হয়েছে। এরপর অভিষেকের বিদায়ের পর তিলক ভার্মা (১৯) ও ওয়াশিংটন সুন্দর (৯) বাজে শট খেলে আউট হয়েছেন। এমনকি দুজনেই ব্যাটিং করেছেন ১০০-এর কম স্ট্রাইকরেটে। যেখানে ওয়াশিংটন করেছেন ১২ বলে ৯ রান।

তিলক, ওয়াশিংটনের দ্রুত বিদায়ে ভারতের স্কোর হয়ে যায় ১২ ওভারে ৬ উইকেটে ১০০ রান। অক্ষর প্যাটেল ও শিবম দুবের ব্যাটিংয়ে ভারতীয় সমর্থকদের মনে কিছুটা হলেও আশার সঞ্চার হতে থাকে। সপ্তম উইকেটে তাঁরা (অক্ষর-শিবম) গড়েন ২৪ বলে ৩৫ রানের জুটি। তবে ১৬তম ওভারের শেষ বলে দুবেকে (২৫) দারুণ এক কট এন্ড বোল্ড করেন আইরিশ বাঁহাতি পেসার জয় মুন্দ্রা।

দুবের আউটেই মূলত ভারতের ইনিংসে ধসের সূচনা হয়। রানরেটের সঙ্গে পাল্লা দিতে না পেরে ১৩ রানে শেষ ৪ উইকেট হারিয়ে ১৮.৫ ওভারে ১৪৮ রানে গুটিয়ে যায় তারা। গ্যালারিতে কিছুক্ষণ আগেও যেখানে ভারতীয় ভক্ত-সমর্থকদের উল্লাস দেখা যাচ্ছিল, মুহূর্তের মধ্যেই তা হরিষে বিষাদে পরিণত হয়। বিপরীতে গ্যালারিতে স্বাগতিক দলের সমর্থকদের মুখে ফোটে হাসি।

আয়ারল্যান্ডের ৩৪ রানের জয়ে ম্যাচসেরা হয়েছেন আয়ারল্যান্ডের পেসার ম্যাট হোলার্ড। ৪ ওভারে ২৮ রানে নিয়েছেন ৩ উইকেট। তিন উইকেট নিয়েছেন ম্যাথু হামফ্রিসও। তিনি ২৮ রান দিলেও বোলিং করেছেন ৩.৫ ওভার। ১৯তম ওভারের পঞ্চম বলে আর্শদীপ সিংকে ফিরিয়ে ভারতের ইনিংসের ইতি টেনেছেন হামফ্রিস।

এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক শ্রেয়াস আইয়ার। আগে ব্যাটিং পাওয়া আয়ারল্যান্ড ২০ ওভারে ৯ উইকেটে করে ১৮২ রান। ইনিংসে সর্বোচ্চ ৫০ রান করেন আয়ারল্যান্ড অধিনায়ক লরকান টাকার। ৩৬ বলের ইনিংসে মেরেছেন ৫ চার ও ২ ছক্কা। দ্বিতীয় সর্বোচ্চ ৪৯ রান করেন গ্যারেথ ডেলানি। ভারতের হর্ষিত রানা ৪ ওভারে ২৪ রানে নিয়েছেন ৩ উইকেট।

ক্যাচ মিসের খেসারত দিয়ে ভারতের কাছে হারল বাংলাদেশ

এবারও হাত মেলাননি বাংলাদেশ-ভারতের অধিনায়কেরা

অস্ট্রেলিয়া সিরিজ থেকে এক পরিবর্তন নিয়ে জিম্বাবুয়ে যাচ্ছে বাংলাদেশ

অস্ট্রেলিয়া সিরিজ হারের পর সুসংবাদ-দুঃসংবাদ দুটোই পেলেন বাংলাদেশের ক্রিকেটাররা

আইসিসির মাসসেরার পুরস্কার পেলেন মুশফিক

দেড় যুগ পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ

জিম্বাবুয়ের বিপক্ষে লিটনের বদলি নিল বাংলাদেশ

বাংলাদেশকে অনায়াসে ধবলধোলাই করল অস্ট্রেলিয়া

একাই খেললেন হৃদয়, টেনেটুনে ১০০ পেরোল বাংলাদেশ

ধবলধোলাই এড়ানোর ম্যাচে ব্যাটিংয়ে বাংলাদেশ