হোম > খেলা > ক্রিকেট

অস্ট্রেলিয়ার অধিনায়কের বিরুদ্ধে ‘বিশ্বাসঘাতকতা’র অভিযোগ

ক্রীড়া ডেস্ক    

স্যান্ডপেপার কেলেঙ্কারি নিয়ে মুখ খুললেন ক্যামেরন ব্যানক্রফট। ক্যামেরন ব্যানক্রফট–প্যাট কামিন্স। ছবি: সংগৃহীত

২০১৮ সালে দক্ষিণ আফ্রিকা সফরে বল টেম্পারিংয়ের ঘটনায় নতুন করে উত্তাল অস্ট্রেলিয়ার ক্রিকেট। এবার সেই বিতর্কে মুখ খুলেছেন ক্যামেরন ব্যানক্রফট। বলের আকৃতি পরিবর্তনে স্যান্ডপেপার ব্যবহারের বিষয়টি শুধু স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ও তিনি জানতেন না, পুরো অস্ট্রেলিয়া দলই এ সম্পর্কে জানত বলে দাবি করেছেন ব্যানক্রফট। সেই সঙ্গে বর্তমান টেস্ট অধিনায়ক প্যাট কামিন্সের বক্তব্যে ক্ষোভ ও বিশ্বাসঘাতকতার অনুভূতির কথাও জানিয়েছেন তিনি।

উসমান খাজার আত্মজীবনী ‘সাবর’-এ একই ধরনের দাবি ওঠার পর বিষয়টি আবারও আলোচনায় আসে। তবে খাজার সেই দাবি নাকচ করে দিয়েছিলেন কামিন্স।

‘স্যান্ডপেপার কেলেঙ্কারি’ নামে পরিচিত ওই ঘটনায় বলের রিভার্স সুইং আদায়ের লক্ষ্যে স্যান্ডপেপার ব্যবহার করেছিলেন ব্যানক্রফট। তদন্ত শেষে ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছিল, তৎকালীন অধিনায়ক স্টিভ স্মিথ, সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার ও ব্যানক্রফট এই তিনজনই ঘটনার সঙ্গে জড়িত। তাঁদের দেশে ফিরিয়ে নিয়ে নিষেধাজ্ঞাও দেওয়া হয়েছিল।

সেই তদন্তের বক্তব্যকেই এবার প্রশ্নের মুখে ফেলেছেন ব্যানক্রফট। বুধবার দ্য ওয়েস্ট অস্ট্রেলিয়ান পত্রিকায় লেখা এক কলামে তিনি বলেন, ‘দক্ষিণ আফ্রিকায় বলের ওপর স্যান্ডপেপার ব্যবহারের বিষয়টি শুধু আমরা তিনজন স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ও আমি জানতাম, তা নয়। পুরো দলই জানত।’

তদন্তের সময় নিজের ভূমিকা সম্পর্কেও স্বীকারোক্তি দিয়েছেন এই ওপেনার। তাঁর ভাষায়, ‘ক্রিকেট অস্ট্রেলিয়ার তদন্তের সময় আমাকে জিজ্ঞাসাবাদ করা হলে আমি পুরোপুরি সত্য ও সম্পূর্ণ বিবরণ দিইনি।’ কেন তথ্য গোপন করেছিলেন, সেটিও ব্যাখ্যা করেছেন তিনি। ব্যানক্রফট জানান, স্যান্ডপেপার ব্যবহার কখন শুরু হয়েছিল, কত দিন ধরে চলেছিল এবং দলের অন্যদের সম্পৃক্ততা ও বিষয়টি সম্পর্কে তাদের জানাশোনার তথ্য তিনি গোপন করেছিলেন। অন্যদের জড়িয়ে না ফেলতেই এমনটা করেছিলেন বলে দাবি তাঁর।

খাজার আত্মজীবনী প্রকাশের পর বিষয়টি নিয়ে মুখ খোলেন ডেভিড ওয়ার্নারও। তবে কামিন্স গত শুক্রবার সংবাদ সম্মেলনে খাজার দাবিকে সরাসরি নাকচ করে বলেন, ‘খাজা শতভাগ ভুল।’ বিষয়টিকে তিনি আখ্যা দেন ‘সম্পূর্ণ ও নিরেট বাজে কথা’ বলে।

খাজার বইয়ে ঘটনার বিবরণ প্রকাশ এবং কামিন্সের এমন দৃঢ় অস্বীকার তাঁকে মুখ খুলতে বাধ্য করেছে উল্লেখ করেন ব্যানক্রফট। খাজার বই প্রকাশের প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘ব্যক্তিগতভাবে সত্য ঘটনাক্রমটি অবশেষে প্রকাশ্যে আসতে দেখে আমার ভারমুক্ত লাগছিল। এত বছর ধরে যে বোঝা আমি বয়ে বেড়িয়েছি, সেটি যেন কিছুটা নেমে গিয়েছিল।’

তবে শেষ পর্যন্ত কলম ধরার কারণ হিসেবে কামিন্সের সংবাদ সম্মেলনের কথাই উল্লেখ করেছেন ব্যানক্রফট। তাঁর ভাষায়, ‘আমার এই বিবরণ লেখার পেছনে শেষ ধাক্কাটি ছিল অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সের সংবাদ সম্মেলন। এতে আমি ক্ষুব্ধ, বিশ্বাসভঙ্গের শিকার এবং একা বোধ করেছি।’

তিনি আরও বলেন, ‘দক্ষিণ আফ্রিকা সফরে আমি যা দেখেছি, যে অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছি এবং যা নিজের মধ্যে এত দিন ধরে বয়ে বেড়িয়েছি, তার সঙ্গে সংবাদ সম্মেলনে এবং আগের বছরগুলোতে এ বিষয়ে কামিন্সের দেওয়া প্রকাশ্য বক্তব্যের কোনো মিল নেই।’

এদিকে বিতর্কের মধ্যেই নতুন করে তদন্ত না করার সিদ্ধান্ত জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সংস্থাটি জানায়, ২০১৮ সালের তদন্ত শেষ হয়েছে, সেটি আর খোলা হবে না। তবে সংশ্লিষ্ট ক্রিকেটারদের নিজেদের বক্তব্য তুলে ধরার সুযোগ দিতে সাবেক কোনো বিচারকের নেতৃত্বে একটি স্বাধীন ফোরাম গঠন করা হবে। ফোরামের বক্তব্য বা প্রতিবেদন জনসমক্ষে প্রকাশ করা হবে কি না, সে বিষয়ে নিশ্চিত করেনি ক্রিকেট অস্ট্রেলিয়া।