নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে খেলতে পারবেন না ইশান কিষান। তাঁর চোটে ভারতের একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে ১৫ বছর বয়সী বৈভব সূর্যবংশীর।
সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ডান পায়ের অ্যাডাক্টর পেশিতে চোট পান ইশান। শুক্রবার ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানায়, চোটের কারণে দ্বিতীয় ম্যাচে খেলতে পারবেন না এই উইকেটরক্ষক ব্যাটার। তাঁর শারীরিক অবস্থার ওপর নজর রাখছে বোর্ডের মেডিকেল দল।
প্রথম ম্যাচে চোটের কারণে নিজের নিয়মিত তিন নম্বর পজিশনের পরিবর্তে পাঁচ নম্বরে ব্যাটিং করতে নামেন ইশান। তবে তিন বল খেলে মাত্র এক রান করে নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনারের বলে আউট হন। তিন নম্বরে নেমে তিলক ভার্মাও ১১ বলে করেন মাত্র ছয় রান।
ইশানের অনুপস্থিতিতে সূর্যবংশীকে খেলানোর সম্ভাবনার কথা জানিয়েছেন ভারতের ব্যাটিং কোচ সিতাংশু কোটাক। তিনি বলেন, ‘ইশান যদি খেলতে না পারে, তাহলে মেডিকেল দলের পরামর্শ অনুযায়ী তার পুরোপুরি সুস্থ হয়ে ওঠার বিষয়টি বিবেচনা করতে হবে। তবে বৈভব অবশ্যই তার জায়গায় খেলার সুযোগ পেতে পারে। এই মুহূর্তে সে অন্যতম শক্তিশালী দাবিদার।’
আক্রমণাত্মক ব্যাটিংয়ের জন্য ইতিমধ্যে নজর কেড়েছেন সূর্যবংশী। আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে করেছেন ৭৭৬ রান। ভারতের হয়ে আট টি-টোয়েন্টিতে তাঁর ব্যাট থেকে এসেছে ২৪৬ রান। স্ট্রাইকরেট ১৮৬.৩৬। দুটি ফিফটি আছে সূর্যবংশীর নামের পাশে।
প্রথম টি-টোয়েন্টিতে ভারতের একাদশে ছিলেন না সূর্যবংশী। এর আগে ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক শ্রেয়াস আইয়ার জানিয়েছিলেন, অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসনের ধারাবাহিক উদ্বোধনী জুটির কারণে সুযোগের অপেক্ষায় থাকতে হচ্ছে তরুণ এই ব্যাটারকে। এবার সেই অপেক্ষা ফুরাতে পারে সূর্যবংশীর।