আগুন বোলিংয়ে একটা সময় ব্যাটারদের মনে আতঙ্ক তৈরি করেছিলেন শাপুর জাদরান। কিন্তু ভাগ্যের কী নির্মম পরিহাস! এখন তিনি লড়ছেন জীবনের ২২ গজে। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা এতটাই সংকটাপন্ন যে তাঁর দিন কাটছে আইসিইউতে।
৩৮ বছর বয়সী জাদরান বিরল ও প্রাণঘাতী রোগ ‘হেমোফ্যাগোসাইটিক লিম্ফোহিস্টিওসাইটোসিস’ (এইচএলএইচ) রোগে আক্রান্ত হয়েছেন। তাতে করে তাঁর রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। জানা গেছে, জাদরানের রক্তে শ্বেত রক্তকনিকা মাত্রাতিরিক্ত হারে কমে গিয়েছে। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা একেবারেই স্থিতিশীল নয়। এ বছরের জানুয়ারি থেকে দিল্লির একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে থাকা আফগান পেসারের ওপর নজর রাখছেন দিল্লির চিকিৎসকেরা।
জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা জাদরান আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) কাছ থেকে আর্থিক সহায়তা পাচ্ছেন। এই কঠিন সময়ে গোটা ক্রিকেট বিশ্ব আফগান পেসারের পাশে দাঁড়িয়েছে। পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক ব্যাটার উমর আকমল এই আফগান পেসারের ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘জাদরান একেবারে আমার ভাইয়ের মতো। সৃষ্টিকর্তার কাছে তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি। আমিন।’
পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি জানিয়েছেন, জাদরানের সঙ্গে তাঁর কথা হয়েছে। অসুস্থতার কথা শোনার পর থেকে তিনি রীতিমতো হতাশ হয়ে পড়েছেন। আফ্রিদি লিখেছেন, ‘ক্রিকেট মাঠে তুমি বরাবর যোদ্ধার মতো লড়াই করেছ। আশা করছি, জীবন যুদ্ধেও তুমি জিততে পারবে।’ আফগানিস্তানের তারকা ক্রিকেটার রশিদ খানও আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন।
২০০৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় শাপুর জাদরানের। প্রায় এক দশকের ক্যারিয়ারে তিনি আফগানিস্তানের হয়ে ৮০টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। এর মধ্যে রয়েছে ৪৪টি ওয়ানডে ও ৩৬ টি-টোয়েন্টি। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে তাঁর উইকেট ৪৩ ও ৩৭।