হোম > খেলা > ক্রিকেট

মিঠুনদের জন্য তামিমের ৮৮ লাখ টাকার ‘উপহার’

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

তামিম ও মিঠুন। ছবি: সংগৃহীত

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বর্তমান ও সাবেক ক্রিকেটারদের জন্য টাইগার্স ডেন নামে একটি আলাদা একটি লাউঞ্জ তৈরি করা হয়েছে। ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) কার্যালয়ও রাখা হয়েছে সেখানে।

মোহাম্মদ মিঠুনের নেতৃত্বাধীন সংগঠনটির জন্য তৈরি এই লাউঞ্জ নির্মাণে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ব্যয় হয়েছে ৮৭ লাখ ৬১ হাজার টাকা।

স্টেডিয়ামের করপোরেট লাউঞ্জের একটি অংশ ভেঙে গত মে মাসের শেষ দিকে শুরু হয় টাইগার্স ডেনের নির্মাণকাজ। প্রায় আড়াই মাসের কর্মযজ্ঞ শেষে আগস্টের মাঝামাঝি সময়ে লাউঞ্জ ও কোয়াব কার্যালয়ের উদ্বোধন করেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। নির্মাণকাজের অর্থায়ন করেছে বিসিবি। প্রকল্পটির দায়িত্বে ছিল বোর্ডের ফ্যাসিলিটিজ ম্যানেজমেন্ট বিভাগ, যার চেয়ারম্যানও তামিম।

আধুনিক সুযোগসুবিধাসম্পন্ন এই লাউঞ্জে জাতীয় দলের বর্তমান ও সাবেক ক্রিকেটারদের সময় কাটানোর ব্যবস্থা রয়েছে। বাংলাদেশের হয়ে অন্তত একবার আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিনিধিত্ব করা পুরুষ ও নারী ক্রিকেটারদের জন্যই এটি তৈরি করা হয়েছে। ম্যাচের দিন খেলা দেখা কিংবা স্টেডিয়ামে অবস্থানকালে বিশ্রাম নেওয়ার পাশাপাশি নিজেদের মধ্যে সময় কাটানোর সুযোগ পাবেন তাঁরা।

এত দিন জাতীয় দলের অধিনায়কদের জন্য স্টেডিয়ামে আলাদা বসার ব্যবস্থা থাকলেও অন্য আন্তর্জাতিক ক্রিকেটারদের জন্য এ ধরনের নির্দিষ্ট জায়গা ছিল না। টাইগার্স ডেন সেই ঘাটতি পূরণের পাশাপাশি বর্তমান ও সাবেক ক্রিকেটারদের মধ্যে যোগাযোগ বাড়ানোর একটি কেন্দ্র হিসেবেও কাজ করবে।

ক্রিকেটারদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে কাজ করে কোয়াব। সংগঠনটির কার্যালয় একই জায়গায় থাকায় খেলোয়াড়দের সাংগঠনিক কার্যক্রম পরিচালনাও সহজ হবে। ক্রিকেটারদের সুযোগসুবিধা নিয়ে আলোচনা, নিজেদের মধ্যে যোগাযোগ এবং বিভিন্ন সাংগঠনিক কাজের জন্যও জায়গাটি ব্যবহার করতে পারবেন তাঁরা।