রান পাহাড়ে চড়ার সুযোগ থাকা পাকিস্তানকে দুর্দান্ত বোলিংয়ে হাতের নাগালেই আটকে রাখে ওয়েস্ট ইন্ডিজ। এরপর ব্যাটিংয়ে নেমে সফরকারীদের স্পিনারদের সামনে অসহায় আত্মসমর্পন করে ক্যারিবীয়রা। পোর্ট অব স্পেন টেস্টে লিড নিয়েও তাই স্বস্তিতে থাকার উপায় নেই স্বাগতিকদের।
তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৬ উইকেট ১০৩ রান। ৬০ রানের লিড পেয়েছে রস্টন চেজের দল। হাতে থাকা ৪ উইকেট নিয়ে পাকিস্তানের সামনে একটা চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে দেওয়ার চ্যালেঞ্জ ওয়েস্ট ইন্ডিজের সামনে।
৬ ব্যাটারকে হারালেও শুরুটা একেবারে মন্দ হয়নি ওয়েস্ট ইন্ডিজের। উদ্বোধনী জুটিতে কাভেম হজকে নিয়ে ৪০ রান তোলেন ত্যাগনারায়ণ চন্দরপল। সাজিদের বলে এলবিডব্লু হয়ে এই ওপেনার (১৭) ফিরলে জুটি ভাঙে। এরপরই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ওয়েস্ট ইন্ডিজ। আউট হওয়া ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ৩৪ রান করেন হজ।
চেজ (১৭) ও শাই হোপ (১৫) টিকে গেলেও প্রতিরোধ গড়তে পারেননি। ৩২ রানে ৪ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে ভোগাচ্ছেন সাজিদ। আলী উসমানের শিকার দুটি।
ওয়েস্ট ইন্ডিজের করা ৩৪৪ রানের জবাবে দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে পাকিস্তানের সংগ্রহ ছিল ২ উইকেট ২৬৬ রান। এমন দারুণ একটি শুরুর পর জোমেল ওয়ারিকানের স্পিন ঘূর্ণিতে ১০৬ রানে শেষ ৮ উইকেট হারিয়ে ৩৮৭ রানে অলআউট হয় পাকিস্তান।
১৬০ রানে অপরাজিত থাকেন আব্দুল্লাহ শফিক। বাবরের ব্যাট থেকে আসে ৮৮ রান। আজান আওয়াইস করেন ৫৫ রান। টেল এন্ডারদের মধ্যে এক সাজিদ (৩০) ছাড়া আর কেউ দাঁড়াতে পারেননি। ১১২ রানে ৬ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের সেরা বোলার ওয়ারিকান। শামার জোসেফ নেন ২ উইকেট। ৪৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে স্বাগতিকরা।