হোম > খেলা > ক্রিকেট

বিশ্বকাপের বাছাইপর্ব থেকে ‘সুপার সিক্স’ বাদ দিল আইসিসি

ক্রীড়া ডেস্ক    

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ছবি: সংগৃহীত

২০২৭ ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বের কাঠামোয় পরিবর্তন এনেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বাছাইপর্ব থেকে সুপার সিক্স পর্ব বাদ দিয়ে নতুন নিয়মে টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

গত তিন আসরে এই পর্ব থাকলেও আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে অনুষ্ঠেয় বাছাইপর্বে থাকছে না তা।

আগের নিয়মে ১০টি দল দুটি গ্রুপে ভাগ হয়ে খেলত। প্রতিটি গ্রুপের শীর্ষ তিন দল নিয়ে অনুষ্ঠিত হতো সুপার সিক্স পর্ব। পুরো বাছাইপর্বে ম্যাচ হতো ৩৪টি। সেখান থেকে শীর্ষ দুটি দল মূল বিশ্বকাপে জায়গা করে নিত। তবে নতুন নিয়মে ম্যাচের সংখ্যা কমে দাঁড়াবে ২৩টিতে।

নতুন কাঠামোয় ১০টি দলকে দুটি গ্রুপে ভাগ করা হবে। প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল উঠবে সেমিফাইনালে। দুই সেমিফাইনালের জয়ী দল খেলবে ফাইনাল।

ইন্দোনেশিয়ার বালিতে রোববার অনুষ্ঠিত এক সভা শেষে নতুন কাঠামোর ঘোষণা দেয় আইসিসি। গত জুলাইয়ে অনুমোদিত ২০২৭ বিশ্বকাপের সংশোধিত নিয়ম অনুযায়ী, বাছাইপর্বের চ্যাম্পিয়ন দল সরাসরি মূল বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। ১৪ দল নিয়ে অনুষ্ঠিত হবে মূল টুর্নামেন্ট।

বাছাইপর্বে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ হওয়া দলগুলো খেলবে সুপার সিরিজে। এটি হবে বিশ্বকাপের প্রাথমিক পর্ব। সেখানে শীর্ষে থাকা দল মূল টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করবে।

র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে ইতিমধ্যে ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ড বাছাইপর্বে জায়গা নিশ্চিত করেছে। বিশ্বকাপ লিগ-২ থেকে সুযোগ পেয়েছে যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস, স্কটল্যান্ড ও ওমান।

বাকি চারটি দল নির্ধারিত হবে আগামী মাসে নেপালে অনুষ্ঠিতব্য বাছাইপর্বের প্লে-অফ থেকে। সেখানে লিগ-২-এর তলানির চার দল ও চ্যালেঞ্জ লিগের চার দল অংশ নেবে।