ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের আগে চিন্তা ভর করেছে পাকিস্তান দলে। প্রস্তুতি ম্যাচে চোট পেয়ে মাঠ ছেড়েছেন সফরকারীদের অধিনায়ক এবং সেরা ব্যাটার বাবর আজম। আপাতত বিশ্রামে আছেন এই তারকা ক্রিকেটার।
বেকেনহ্যামে পিসিসি সিলেক্ট একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনে ডান হাতে চোট পান বাবর। ৫ রান করা এই ব্যাটারকে মাঠ থেকে তুলে নেওয়া হয়। পরীক্ষা নিরীক্ষার পর তাঁকে আর মাঠ না নামার পরামর্শ দেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) মেডিকেল বিভাগ।
পিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই বাবরকে বিশ্রাম দেওয়া হয়েছে। আগামীকাল তাঁর অনুশীলনে ফেরার কথা রয়েছে। পিসিবির দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ‘দলের চিকিৎসকের মূল্যায়নের পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বাবরকে চলমান প্রস্তুতি ম্যাচের বাকি অংশ থেকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।’
পাকিস্তান দলের এক মুখপাত্রও জানিয়েছেন, আগামী সোমবার, ১৭ আগস্ট হেডিংলিতে দলের অনুশীলনে যোগ দেওয়ার কথা রয়েছে বাবরের। পাকিস্তান-ইংল্যান্ডের তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট শুরু হবে আগামী ১৯ আগস্ট। সিরিজ শুরুর মাত্র তিন দিন বাকি থাকায় বাবরের চোট পাকিস্তান দলে উদ্বেগ তৈরি করেছে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ দুই ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তানকে নেতৃত্ব দিয়েছেন বাবর। চলতি মাসের শুরুতে শেষ হওয়া সেই সিরিজ ১-১ সমতায় শেষ হয়। সেই সিরিজে ৯৬.৫০ গড়ে ১৯৩ রান করেন বাবর। ইংল্যান্ড সিরিজেও তাঁর ব্যাটের দিকে তাকিয়ে থাকবে অতিথিরা।