হোম > খেলা > ক্রিকেট

চোখ রাঙাচ্ছে লিড, বাংলাদেশের পরিকল্পনা কী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

১১৩ রানে এগিয়ে সফরকারীরা। ছবি: বিসিবি

দ্বিতীয় দিনের শেষ সেশনে দক্ষিণ আফ্রিকার ৩ উইকেট তুলে নিয়ে কিছুটা স্বস্তি পেলেও লিড চোখ রাঙাচ্ছে বাংলাদেশকে। তাই বলে হাল ছাড়ছে না সফরকারীরা। তৃতীয় দিনের শুরুতেই প্রোটিয়াদের কয়েকটা উইকেট তুলে নিয়ে বাংলাদেশও দেখছে লিডের স্বপ্ন।

জোহানেসবার্গ টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৪০০ রানের জবাবে ৪ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ২৮৭ রান। ১৩৩ রানে পিছিয়ে থাকলেও দৃশ্যপট বলছে, ব্যাটিংয়ে ছন্দপতন না হলে লিড নেওয়া কেবল সময়ের অপেক্ষা স্বাগতিকদের জন্য। টেম্বা বাভুমা ১৯ ও রায়ান রিকেলটন ৭ রানে দিনের খেলা শুরু করবেন। বর্তমান পরিস্থিতি থেকে লিড নিতে বোলিংয়ে দারুণ কিছুই করতে হবে বাংলাদেশকে। লিটন দাস তাই তাকিয়ে আছেন বোলারদের দিকেই।

নিজেদের পরিকল্পনা নিয়ে লিটন বলেন, ‘আমাদের এখন উইকেট নিতে হবে। ওদের অলআউট করতে হবে। বেশি রান দেওয়া যাবে না। বেশি রান দিলে লিড অনেক বেশি হয়ে যাবে। হাসান-তাসকিনে পার্থক্য একটাই- হাসানের পেস কম। স্মুথ রানআপ আছে। যে কারণে কন্ট্রোল অনেক বেশি। উইকেট পেলে দেখবেন ডেলিভারি সামনের দিকেই রাখে। তাসকিন-ইবাদত জোরের ওপর বোলার। হার্ড লাইনে বেশি বল করতে হয়। এই উইকেট এমন ছিল না যে ব্যাক অব দ্যা লেন্থে বল করলে বেশি উইকেট পাওয়া যাবে। তাদের পেস বোলাররা বা আমাদের বোলাররাও যখন ব্যাক অব দ্যা লেন্থে বল করেছে, খেলা সহজ ছিল।’

লিটনের মতে, আজ দিনের শুরুতেই উইকেট তুলে নিতে পারলে পরিস্থিতি বাংলাদেশের দিকে চলে আসবে, ‘এখন যে অবস্থা, আমাদের মনে হয় ভালো রান নেই বোর্ডে। ১২০ রানের মতো বেশি। তবে কাল (আজ) যদি সকাল সকাল ২-৩টি উইকেট নিতে পারি ভিন্ন দৃশ্য হবে। না পারলে, কষ্ট করতে হবে। খেলা যেন লম্বা হয়। রান যেন না লিক করি। এটাই টার্গেট থাকবে আমাদের।’