সংযুক্ত আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট আইএল টি-টোয়েন্টির নিলামে ৪০০-এর বেশি ক্রিকেটার নাম লিখিয়েছেন। যাঁদের মধ্যে আছেন ১০ বাংলাদেশি। তাসকিন আহমেদ, নাহিদ রানা, রিশাদ হোসেনদের মতো তারকাদের ভিত্তিমূল্য কোটি টাকার কাছাকাছি।
১০ বাংলাদেশি ক্রিকেটার তিন ক্যাটেগরিতে নাম লিখিয়েছেন। যাঁদের মধ্যে সর্বোচ্চ ৮০ হাজার ডলার ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে আছেন তাসকিন, রানা ও রিশাদ। বাংলাদেশি মুদ্রায় তা ৯৮ লাখ ৩৮ হাজার টাকা। শরীফুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, হাসান মাহমুদ—এই চার ক্রিকেটারের ভিত্তিমূল্য ৪০ হাজার ডলার করে (৪৯ লাখ ১৯ হাজার টাকা)।
বাকি তিন বাংলাদেশির ভিত্তিমূল্য আইকনের চেয়ে আট গুণ কম। ১০ হাজার ডলার ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে মেহেদী হাসান মিরাজ, জাকের আলী অনিক ও তানজিম হাসান সাকিব। বাংলাদেশি মুদ্রায় তাঁদের প্রত্যেকেরই ভিত্তিমূল্য ১২ লাখ ৩০ হাজার টাকা করে।রানা এবং রিশাদ হোসেন।
প্রত্যেক ফ্র্যাঞ্চাইজি নিলামে যাবে ১৩ লাখ ডলার নিয়ে। এর সঙ্গে প্রি-অকশন সাইনিংয়ের জন্য আগে বরাদ্দ করা ৭ লাখ মার্কিন ডলার থেকে অব্যবহৃত অর্থ থাকলে সেটাও যোগ হবে। এমআই এমিরেটস সবচেয়ে বেশি ১৩ লাখ ৯০ হাজার ডলার নিয়ে নিলামে নামবে। বাংলাদেশি মুদ্রায় ১৭ কোটি ৯ লাখ টাকা।
আবুধাবি নাইট রাইডার্স নামবে ১৩ লাখ ৬৫ হাজার ডলার নিয়ে (১৬ কোটি ৭৮ লাখ টাকা)। ডেজার্ট ভাইপার্স, গালফ জায়ান্টস এই দুই দলের প্রত্যেকেরই থাকছে ১৩ লাখ ৫ হাজার ডলার করে। বাংলাদেশি মুদ্রায় তা ১৬ কোটি ৫ লাখ টাকা। অন্যদিকে দুবাই ক্যাপিটালস, শারজা ওয়ারিয়র্স প্রি-অকশন সাইনিংয়ের জন্য বরাদ্দ ৭ লাখ ডলার পুরোপুরি ব্যবহার করে ফেলেছে। ফলে তারা নিলামে যাবে ১৩ লাখ ডলার নিয়ে (১৬ কোটি টাকা)। যেখানে দুবাই ধরে রেখেছে মোস্তাফিজকে।
৮০ হাজার ডলার ভিত্তিমূল্যের আইকন ক্যাটাগরিতে রানা-রিশাদ-তাসকিনদের পাশাপাশি আছেন ফাফ ডু প্লেসি, ডেভিড উইলি, ফখর জামান, বাবর আজম, জনি বেয়ারস্টো, ফিল সল্ট, অ্যালেক্স হেলসের মত তারকারা। নিলামে ২৩ দেশের ২০০ জন খেলোয়াড় অংশ নিচ্ছেন। কুয়েত ও সৌদি আরব ছাড়াও ১১ পূর্ণ সদস্য দেশের ক্রিকেটাররা রয়েছেন। সংযুক্ত আরব আমিরাতে ২২ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত হবে আইএল টি-টোয়েন্টির পঞ্চম আসর।