হোম > খেলা > ক্রিকেট

আইপিএল শুরুর আগমুহূর্তে বিপাকে কলকাতা

ক্রীড়া ডেস্ক    

পিঠের চোট থেকে সেরে উঠেননি আকাশ। ছবি: সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের মৌসুমকে সামনে রেখে বেশ বিপদেই আছে কলকাতা। আরও সংক্ষেপে বলতে গেলে, টুর্নামেন্ট শুরুর আগমুহূর্তে তিনবারের চ্যাম্পিয়নদের পেস বোলিং বিভাগে বড় ধরনের ধাক্কা লেগেছে। এই তালিকার সবশেষ সংযোজন আকাশ দীপ।

পিঠের চোট থেকে সেরে উঠতে না পারায় পুরো আইপিএল থেকে ছিটকে গেছেন আকাশ—প্রতিবেদনে এমনটি জানিয়েছে ইএসপিএনক্রিকইনফো। তবে তাঁর চোট সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি কলকাতা। প্রতিবেদনে বলা হয়েছে, পুরো ফিট হয়ে মাঠে ফিরতে আরও তিন মাস সময় লাগবে আকাশের। আইপিএল শুরু হবে ২৮ মার্চ।

আকাশের মতো ছিটকে গেছেন হার্শিত রানা। হাঁটুর অস্ত্রোপচারের পর এখনো সুস্থ হয়ে ওঠেননি এই পেসার। হার্শিতের চোটের কথা আনুষ্ঠানিকভাবে না জানালেও এরই মধ্যে বিকল্প খোঁজা শুরু করেছে কলকাতা। চিন্তা আছে মাথিশা পাথিরানাকে নিয়েও; টুর্নামেন্টের শুরুর দিকে শ্রীলঙ্কার পেসারকে পাবে না ফ্র্যাঞ্চাইজিটি।

সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে বোলিংয়ের সময় বাঁ পায়ে চোট পান পাথিরানা। সেই চোট তাঁকে বিশ্বকাপ থেকে ছিটকে দেয়। চোট থেকে এখনো সেরে উঠেননি পাথিরানা। আইপিএলের শুরুর অংশে তাঁকে পাবে না কলকাতা, সেটা এখন নিশ্চিত। আপাতত শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) মেডিকেল বিভাগের তত্ত্বাবধানে আছেন পাথিরানা। এর আগে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে মোস্তাফিজকে বাদ দেয় কলকাতা। এর পর থেকেই শনির দশা লেগে আছে দলটিতে।

নিলাম থেকে এক কোটি রুপিতে আকাশকে দলে ভিড়িয়েছিল কলকাতা। আইপিএলকে সামনে রেখে গত বুধবার থেকে প্রস্তুতি শুরু করেছে ফ্র্যাঞ্চাইজিটি। পিঠের চোট থেকে সেরে উঠতে না পারায় এখনো দলের সঙ্গে যোগ দেননি আকাশ—এমনটাই জানিয়েছে বেশ কিছু ভারতীয় সংবাদমাধ্যম। আপাতত ব্যাঙ্গালুরুর সেন্টার অব এক্সিলেন্সে (সিওই) পুনর্বাসনে আছেন তিনি।

২০২২ সালে অভিষেক হলেও চোটের কারণে এখনো আইপিএলে নিয়মিত হতে পারেননি আকাশ। এখন পর্যন্ত খেলেছেন মাত্র ১৪ ম্যাচ; বল হাতে নিয়েছেন ১০ উইকেট। গত মৌসুমে তাঁকে আট কোটি রুপিতে কিনেছিল লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। সেবার ছয় ম্যাচের বেশি খেলতে পারেননি এই বোলার। এক মৌসুম যেতেই আকাশকে ছেড়ে দেয় লক্ষ্ণৌ।

‘দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়াকে হারাতে পারলে সেটা হবে বাংলাদেশের অনেক বড় অর্জন’

নির্বাচন যাতে স্বচ্ছ হয়, সবাইকে কঠোর বার্তা দিয়েছি: তামিম

পাকিস্তানকে ধবলধোলাইয়ের বোনাসের টাকা দিয়ে কী হবে, জানালেন তামিম

বাংলাদেশের কাছে ধবলধোলাইয়ের পর অধিনায়কত্ব হারাচ্ছেন পাকিস্তান অধিনায়ক

পাকিস্তান সিরিজ জিতেও কেন অসন্তুষ্ট সালাহ উদ্দীন

লিটন-রিজওয়ানের তর্কের আসল খবর জানালেন পাকিস্তানি কোচ

পল্লবীর শিশু ধর্ষণের ঘটনার বিচার দাবি তামিম-শান্তদের

আইপিএল খেলার যোগ্য হলেন আমির, ভারত খেলাবে তো

‘অধিনায়কত্ব আমাকে পুরোপুরি নিঃশেষ করে দিয়েছিল’

জাকেরের সেঞ্চুরির দিনে হৃদয়ের ব্যাটিং-ঝড়