বলিউড অভিনেত্রী প্রীতি জিনতার সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে নীরবতা ভাঙলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি পেসার ব্রেট লি। সাবেক ক্রিকেটার জানালেন, প্রীতির সঙ্গে কোনো প্রেমের সম্পর্ক ছিল না তাঁর। প্রীতিকে ভালো বন্ধু বলেই দাবি করলেন লি।
২০০৮ সালে আইপিএলের ফ্র্যাঞ্চাইজি কিংস ইলেভেন পাঞ্জাবে (বর্তমানে পাঞ্জাব কিংস) যোগ দেন লি। দলটির অন্যতম মালিক ছিলেন প্রীতি। ২০১০ সাল পর্যন্ত পাঞ্জাবের হয়ে খেলার পর ২০১১ সালে কলকাতা নাইট রাইডার্সে নাম লেখান লি। সেই সময় থেকেই দুজনকে ঘিরে বিভিন্ন সময়ে সম্পর্কের গুঞ্জন ছড়ায়। তবে এত দিন বিষয়টি নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি তিনি।
সম্প্রতি বম্বে টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে পুরোনো সেই গুঞ্জনের বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন লি। তিনি বলেন, ‘আপনাদের জন্য খবর আছে—আমি কখনো কোনো বলিউড অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে ছিলাম না। প্রীতি জিনতা এবং আমি তখনো ভালো বন্ধু ছিলাম, এখনো আছি। সে তখন পাঞ্জাব দলের কর্তা ছিলেন। তিনি অত্যন্ত বুদ্ধিমতী একজন নারী এবং তার প্রতি আমার অনেক সম্মান রয়েছে।’
প্রীতির সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে নিজের অনুভূতি জানিয়ে লি বলেন, ‘এ ধরনের গল্প আমাকে কখনোই বিরক্ত করেনি, কারণ আমি সব সময় সত্যিটা জানতাম। মানুষ যা খুশি অনুমান করতে পারে, কিন্তু আমি কখনোই এসবকে নিজের ওপর প্রভাব ফেলতে দিইনি।’
এর আগে ২০১০ সালেই এই গুঞ্জনের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছিলেন প্রীতি। এই প্রসঙ্গে তিনি বলেছিলেন, ‘প্রতি বছর লির সঙ্গে আমার প্রেমের সম্পর্কের খবর ছাপা হওয়া এখন পুরোনো ও একঘেয়ে হয়ে গেছে! তাই দুঃখিত, এখানে কোনো খবর নেই! আমরা বন্ধু—হ্যাঁ, অবশ্যই।’
ব্যক্তিগত জীবনে কিছু পরিবর্তনের মধ্য দিয়ে গেছেন লি। ২০০৬ সালে এলিজাবেথ কেম্পকে বিয়ে করেন। তাঁদের একটি ছেলে সন্তান রয়েছে। তবে লি-কেম্প জুটি বেশি দিন টেকেনি। ২০০৯ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। এরপর ২০১৪ সালে লানা অ্যান্ডারসনকে বিয়ে করেন লি। এই দম্পতির দুই সন্তান রয়েছে।
প্রীতি বর্তমানে বলিউডে আগের মতো নিয়মিত না হলেও নতুন সিনেমা ‘বাটওয়ারা ১৯৪৭’-এ কাজ করছেন। সানি দেওল অভিনীত সিনেমাটি আগামী ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
আইপিএলেও এখনো সক্রিয় প্রীতি। পাঞ্জাব কিংসের অন্যতম মালিক হিসেবে দলটির সঙ্গে যুক্ত আছেন তিনি। ঘরের ম্যাচে প্রায়ই গ্যালারিতে দেখা যায় খ্যাতনামা এই অভিনেত্রীকে।