হোম > খেলা > ক্রিকেট

রেকর্ড ২৪২ রান করে ১১৫ ধাপ এগোলেন হৃদয়

ক্রীড়া ডেস্ক    

২৪২ রান করে টেস্টে বাংলাদেশের এক ইনিংসে সর্বোচ্চ রানের কীর্তি এখন তাওহীদ হৃদয়ের। ছবি: বিসিবি

অবিশ্বাস্য, অসাধারণ বললেও যেন কম বলা হয়। সিলেটে ২৪২ রানের ইনিংসটা রেকর্ড ইনিংস তো বটেই। তার চেয়েও বড় কথা, ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে যেভাবে তিনি এমন ইনিংস খেলেছেন, যা ভাষায় প্রকাশ করা কঠিন। রেকর্ড ইনিংসের পর আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছ থেকে বড় সুখবর পেলেন হৃদয়।

সিলেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে ২৪২ রান করে টেস্টে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে এক ইনিংসে সর্বোচ্চ রানের কীর্তি গড়েন হৃদয়। তাতে ভেঙে গেছে অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিমের রেকর্ড। ২০১৮ সালে মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে মুশফিক ২১৯ রান করেছিলেন তিনি। আট বছর পর নতুন রেকর্ড গড়া হৃদয় ১১৫ ধাপ এগিয়েছেন। আইসিসি আজ সাপ্তাহিক র‍্যাঙ্কিং হালনাগাদ করলে দেখা যায়, টেস্টে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে হৃদয় এখন ৬০ নম্বরে অবস্থান করছেন। তাঁর রেটিং পয়েন্ট ৫১১।

হৃদয় এগোলেও তাঁর সতীর্থরা সুখবর পাননি বললেই চলে। ছয় ধাপ পিছিয়ে টেস্টে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ৩২ নম্বরে নেমে গেছেন নাজমুল হোসেন শান্ত। সদ্য সমাপ্ত ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ৬১ রান করেছেন। বাজে ফর্মই মূলত তাঁর এই অবনতির কারণ। বর্তমানে তাঁর রেটিং পয়েন্ট ৬০৬। ৫৬৩ রেটিং পয়েন্ট নিয়ে টেস্টে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ৩৮ নম্বরে মুমিনুল হক।

সাদমান ইসলাম, লিটন দাস, মুশফিকদের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। ৬৫০ রেটিং পয়েন্ট নিয়ে টেস্টে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ২২ নম্বরে মুশফিক। ৩৩ নম্বরে অবস্থান করছেন লিটন। তাঁর রেটিং পয়েন্ট ৫৯৫। ৬৩ নম্বরে থাকা সাদমানের রেটিং পয়েন্ট ৪৯৭। আর বাংলাদেশ সিরিজে ভালো করে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা লম্বা লাফ দিয়েছেন। ১২ ধাপ এগিয়ে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ৫২ নম্বরে উঠে আসা ক্যারিবীয় ব্যাটার কাভেম হজের রেটিং পয়েন্ট ৫৪৬। বাংলাদেশের বিপক্ষে সিলেট টেস্টের দ্বিতীয় ইনিংসে ১৪২ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন। সদ্য শেষ হওয়া দুই ম্যাচের টেস্ট সিরিজে দ্বিতীয় সর্বোচ্চ ১৮১ রান করেছেন তিনি।

২৮ ধাপ এগিয়ে টেস্টে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ৬২ নম্বরে উঠে এসেছেন আমির জাঙ্গু। সিলেট টেস্টের প্রথম ইনিংসে ১৩৩ রানের ইনিংস খেলেছেন তিনি। আর বাঁহাতি স্পিনার জোমেল ওয়ারিক্যান ক্যারিয়ারসেরা ৬৬৫ রেটিং পয়েন্ট পেয়েছেন। ১১ ধাপ এগিয়ে টেস্টে বোলারদের র‍্যাঙ্কিংয়ে ১৯ নম্বরে অবস্থান করছেন। বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১৬ উইকেট নিয়ে সিরিজসেরার পুরস্কার পেয়েছেন।

টেস্টে বোলারদের র‍্যাঙ্কিংয়ে প্রথম ১৬ পর্যন্ত অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। যেখানে ৮৮১ রেটিং পয়েন্ট নিয়ে ক্রিকেটের রাজকীয় সংস্করণে বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন মিচেল স্টার্ক। দুই ও তিনে থাকা মার্কো ইয়ানসেন ও ম্যাট হেনরির রেটিং পয়েন্ট ৮৭৫ ও ৮৬১। টেস্টে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে আগের মতোই সবার ওপরে হ্যারি ব্রুক। তাঁর রেটিং পয়েন্ট ৮৬১। এই তালিকায় দুই ও তিনে থাকা জো রুট ও ট্রাভিস হেডের রেটিং পয়েন্ট ৮১৬ ও ৭৯৯।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টে প্রথম ইনিংসে ২৪২ রানের অপরাজিত ইনিংস খেলার পর দ্বিতীয় ইনিংসে করেছেন ৮২ রান। শান্ত-মুমিনুল তো আগেই টেস্টে দুই ইনিংসে সেঞ্চুরি করেছেন। তৃতীয় বাংলাদেশি হিসেবে হৃদয়ের সেই কীর্তি গড়ার সুযোগ ছিল। সেটা না পারলেও বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সর্বোচ্চ ৩৬৬ রান করেছেন হৃদয়।