হোম > খেলা > ক্রিকেট

দুই দিনে টেস্ট হেরে বাকি তিন দিন কী করবে বাংলাদেশ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলপতি। ছবি: সংগৃহীত

ম্যাকাই টেস্টে ন্যূনতম লড়াই করতে পারেনি বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতায় দ্বিতীয় দিনেই সফরকারীদের সঙ্গী হয়েছে ইনিংস এবং ৫১ রানের হার। আগেভাগেই ম্যাচ শেষ হওয়ায় বাকি তিন দিন ঘুমিয়ে কাটাতে চান নাজমুল হোসেন শান্তরা।

সংবাদ সম্মেলনে শান্তর কাছে জানতে চাওয়া হয়েছিল, বাকি তিনটা দিন কীভাবে পার করবেন? খুব কম কথায় উত্তর দিলেন অধিনায়ক, ‘ঘুমাব, শুয়ে থাকব।’

দুই ইনিংসে একবারও ১০০ রান করতে পারেনি বাংলাদেশ। যথাক্রমে ৬৪ ও ৯৫ রানে অলআউট হয়েছে অতিথিরা। এমন বাজে ব্যাটিংয়ের জন্য পেস বান্ধব উইকেটকে দায়ী করেছেন শান্ত, ‘আমার মনে হয় দ্বিতীয় ইনিংসে আমরা আরেকটু ভালো ব্যাটিং করতে পারতাম। তবে ওরাও যখন ব্যাটিং করেছে, অনেক স্ট্রাগল করেছে। উইকেটটা অনেক কঠিন ছিল, এটা অবশ্যই মানতে হবে।’

এই টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ইনিংসটা খেলেন শান্ত; ৩১ রানের। দ্বিতীয় সর্বোচ্চ ২৯ রান আসে মুশফিকুর রহিমের ব্যাট থেকে। এমন হতাশাভরা একটি ম্যাচের পর ব্যাটারদের দায় এড়াচ্ছেন না শান্ত।

এই প্রসঙ্গে শান্ত বলেন, ‘আমি অজুহাত দিচ্ছি না, অনেক দল আছে যারা নিয়মিত খেলে, তারাও এ রকম ধসে পড়ে। আমরা খারাপ খেলেছি, পরিস্থিতি অনেক কঠিন ছিল; কিন্তু খেলোয়াড়েরা সবাই চেষ্টা করেছে। অবশ্যই আমরা আরেকটু ভালো ক্রিকেট খেলতে পারতাম।’

নিজের ব্যাটিং নিয়ে শান্ত বলেন, ‘আমরা কিছু বাজে শট খেলেছি। কারও ওপরে আঙুল তুলতে চাই না। দল হিসেবে ভালো ক্রিকেট খেলিনি, ভালো ব্যাটিং করিনি। আমি কেবল আমার কথা বলতে পারি। সেট হয়ে যে সময় আউট হয়েছি, এটা গ্রহণযোগ্য না। ইনিংসটা আরেকটু লম্বা করা উচিত ছিল।’