হুলিয়ান আলভারেসকে দলে ভেড়ানোর আশা কার্যত ছেড়ে দিয়েছে বার্সেলোনা। আতলেতিকো মাদ্রিদ আর্জেন্টাইন স্ট্রাইকারকে বিক্রি করতে রাজি হলেও কাতালানদের কাছে ছাড়তে নারাজ। শেষ পর্যন্ত আলভারেসকে না পেলে নতুন কোনো স্ট্রাইকারও দলে ভেড়াবে না বার্সা—এমনটাই জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা।
আতলেতিকো অবস্থান শুরু থেকেই পরিষ্কার—আলভারেসকে আর্সেনালের কাছে বিক্রি করতে তারা রাজি। কিন্তু কোনোভাবেই রিয়াল মাদ্রিদ বা বার্সার কাছে নয়। গত সপ্তাহে ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচের পর সমর্থকেরা দুয়ো দেওয়ায় পরিস্থিতি কঠিন হয়ে উঠলেও আলভারেসকে নিয়ে নিজেদের অবস্থান থেকে একচুল সরে আসেনি মাদ্রিদের ক্লাবটি।
বার্সা কর্তাদেরও বুঝতে বাকি নেই, আলভারেসকে পাওয়া তাদের জন্য প্রায় অসম্ভব। আতলেতিকোর অনড় অবস্থানের কারণে তাই আপাতত বিশ্বকাপজয়ী ফুটবলারকে পাওয়ার আশা করছে না লা লিগার ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
আলভারেসকে না পেলেও আক্রমণভাগের জন্য বিকল্প পথে হাঁটার ইচ্ছে নেই বার্সার। প্রতিবেদনে বলা হয়েছে, প্রধান কোচ হান্সি ফ্লিক ও স্পোর্টিং ডিরেক্টর ডেকো এই গ্রীষ্মে অন্য কোনো স্ট্রাইকার দলে ভেড়াতে চাইছেন না। শেষ মুহূর্তে বড় কোনো সুযোগ তৈরি না হলে বর্তমান দল নিয়েই মৌসুম চালিয়ে যাবে তারা।
মার্কার প্রতিবেদনে আরও বলা হয়েছে, মাঝারি মানের কোনো স্ট্রাইকারকে দলে টানতে চায় না বার্সা। সুযোগ হলে আক্রমণভাগের জন্য প্রথম সারির কাউকেই নিতে প্রস্তুত স্প্যানিশ জায়ান্টরা। গ্রীষ্মকালীন দলবদল শেষ হতে বাকি আছে আর মাত্র এক সপ্তাহ। এত কম সময়ের মধ্যে বার্সার জন্য একজন পছন্দের স্ট্রাইকারের সঙ্গে চুক্তি করা প্রায় অসম্ভব।
ফ্লিকের সন্তুষ্টিও এ সিদ্ধান্তে প্রভাব ফেলেছে। প্রাক-মৌসুম এবং লা লিগার প্রথম ম্যাচে আক্রমণভাগের খেলোয়াড়দের পারফরম্যান্সে খুশি জার্মান কোচ। দলের একাধিক খেলোয়াড় বিভিন্ন আক্রমণাত্মক পজিশনে খেলতে পারেন। এলচের বিপক্ষে লিগ ম্যাচে যেমন রাফিনিয়া দুর্দান্ত পারফরম্যান্স করেছেন।
সব মিলিয়ে আলভারেসকে না পেলেও আক্রমণভাগ নিয়ে খুব বেশি দুশ্চিন্তায় নেই বার্সা। শেষ মুহূর্তে নাটকীয় কোনো সুযোগ তৈরি না হলে নতুন মুখ ছাড়াই বর্তমান দল নিয়ে এগিয়ে যাওয়ার সিদ্ধান্তই নিয়েছে ক্লাবটি।