হোম > খেলা > ক্রিকেট

দক্ষিণ আফ্রিকাই বাংলাদেশের সবচেয়ে কঠিন প্রতিপক্ষ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

টেস্টে বরাবরই প্রোটিয়াদের সামনে অসহায় বাংলাদেশ। সবশেষ সিরিজেও ধবলধোলাই হয়েছে শান্তরা। ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকা সফরে টানা দুটি টেস্ট হারের পর মাঠের বাইরেও অসহায় আত্মসমর্পণ করেছেন নাজমুল হোসেন শান্ত। সাফ জানিয়ে দিয়েছেন, ব্যাটিং-বোলিং, এমনকি ফিল্ডিংটাও আশানুরূপ হয়নি। তারপরও দলের পারফরম্যান্স নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। সে বিশ্লেষণে না গিয়েও এটা বলা যায়—টেস্ট ক্রিকেটে দক্ষিণ আফ্রিকাই বাংলাদেশের কঠিনতম প্রতিপক্ষ।

পরিসংখ্যান অন্তত তা-ই বলে। যে দুটি দেশের বিপক্ষে ঘরে কিংবা বাইরে এখনো টেস্ট জেতা হয়নি বাংলাদেশের, তাদের একটি দক্ষিণ আফ্রিকা (অন্যটি ভারত)। টেস্ট জয় তো দূরের কথা, মাঠে তাদের বিপক্ষে সেভাবে প্রতিদ্বন্দ্বিতাও গড়ে তুলতে পারেনি বাংলাদেশ। মাত্রই শেষ হওয়া দুই টেস্টের সিরিজ তার বড় প্রমাণ। শেষ টেস্টের কথাই ধরুন, বৃষ্টির পেটে গেছে প্রায় দুটি সেশন, তারপরও সেঞ্চুরিয়নে মাত্র আড়াই দিনে ইনিংস ব্যবধানে হেরেছে বাংলাদেশ।

এই ব্যর্থতার দায় মূলত ব্যাটারদের। প্রথম ইনিংসে ১০০ এবং দ্বিতীয় ইনিংসে ২০০ রানও ছুঁতে পারেনি।

শুধু এবারের সিরিজে নয়, পরিসংখ্যান বলছে, টেস্ট খেলুড়ে দলগুলোর মধ্যে সবচেয়ে বাজে ব্যাটিং গড় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। দেশটির বিপক্ষে ১৮ টেস্টে বাংলাদেশের রান ৬ হাজার ৪১৮। উইকেটপ্রতি গড় রান ১৯.১০। এর চেয়ে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড কিংবা ‘অজেয়’ ভারতের বিপক্ষে ভালো উইকেটপ্রতি রান তুলেছে বাংলাদেশ। এই তিন দেশের বিপক্ষে উইকেটপ্রতি ২২.৪৭, ২৪.১০ ও ২২.৮১ তুলেছে বাংলাদেশ।

দক্ষিণ আফ্রিকার মাটিতে উইকেটপ্রতি রান তোলার গড় আরও বাজে ১৮.২৮। প্রতি উইকেটে এর চেয়ে কম রান তুলেছে কেবল জিম্বাবুয়ে ১৬.৬২। দক্ষিণ আফ্রিকায় স্বাগতিকদের বিপক্ষে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও ভারত উইকেটপ্রতি তুলেছে ৩৩.৫১, ৩০.৭৬ ও ২৫.০৭ রান।

দক্ষিণ আফ্রিকা যে ‘কঠিন’ প্রতিপক্ষ, সেটি বলছে বাংলাদেশের তারকা ব্যাটারদের পারফরম্যান্সও। টেস্টে বাংলাদেশের পক্ষে বেশি রান করা পাঁচ ব্যাটার হলেন মুশফিকুর রহিম, মুমিনুল হক, তামিম ইকবাল, সাকিব আল হাসান ও লিটন দাস। তাঁদের ক্যারিয়ার ব্যাটিং গড় যথাক্রমে ৩৮.৮০, ৩৬.৬৩, ৩৮.৮৯, ৩৭.৭৭ ও ৩৬.৩৬। কিন্তু প্রতিপক্ষ যখন দক্ষিণ আফ্রিকা, তখন সেই ব্যাটিং গড় নেমে আসে ১৯.০৮, ১৪.২২, ১৮.৯২, ২০.৩০ ও ২৭.৫৬-তে। দক্ষিণ আফ্রিকার মাটিতে কারও কারও ব্যাটিং গড় আরও কম; যেমন দেশটিতে মুমিনুল ও সাকিব আল হাসানের ব্যাটিং গড় ১০.৩৩ ও ১১.৫০।

শুধু কি ব্যাটিং? বাংলাদেশের বোলারদের কাছেও কঠিনতম প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড কিংবা ভারতের বিপক্ষে উইকেটপ্রতি বাংলাদেশ রান দিয়েছে যেখানে ৩৯.৩৩, ৪৬.৬১ ও ৫১.০৮; সেখানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একটি উইকেট পেতে বাংলাদেশকে খরচ করতে হয়েছে গড়ে ৫৩.৮৯ রান।