হোম > খেলা > ক্রিকেট

সিরিজ জিতেই উদযাপন করতে চায় বাংলাদেশ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

এক ফ্রেমে ডারউইনে বাংলাদেশের ঐতিহাসিক জয়ের চার নায়ক। ছবি: এএফপি

আগের দিনই যে অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশ প্রথম টেস্ট জিতেছে, প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমনের কণ্ঠে সেটার ছিটেফোঁটা উচ্ছ্বাস খুঁজে পাওয়া গেল না।

বাংলাদেশের জয়ে সুমন স্বাভাবিকভাবেই অনেক খুশি, তবে প্রতিক্রিয়া প্রকাশে পরিমিত। ডারউইনে টানা সাড়ে তিন দিন দাপুটে ক্রিকেট খেলেছে সফরকারীরা। আরও সহজে বলতে গেলে, অস্ট্রেলিয়াকে কোনো রকম পাত্তা না দিয়ে ৯ উইকেটের বিশাল জয় তুলে নিয়েছে বাংলাদেশ। এমন ঐতিহাসিক এক জয়ের পর বাঁধভাঙা উদ্‌যাপন করাটাই স্বাভাবিক। বাংলাদেশ উদ্‌যাপন করেছে, যতটুকু করার ঠিক ততটুকুই।

ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে দাপুটে জয়ের পর তৃপ্ত না হয়ে বাংলাদেশের ভাবনাজুড়ে এখন সিরিজ জয়। দলের সঙ্গে অস্ট্রেলিয়ায় থাকা সুমন আজকের পত্রিকাকে বলেন, ‘খুব বেশি যে উদ্‌যাপন হয়েছে, তেমন না। উদ্‌যাপন যতটুকু করার আমরা মাঠেই করেছি। এরপর বিষয়টা সবাই খুব স্বাভাবিকভাবেই নিয়েছে আর কী। এমন না যে খুব বেশি উদ্‌যাপন হয়েছে। তেমন কিছুই না। মাঠ থেকে ফেরার পর সবাই স্বাভাবিক আছে। সবাই কাজটা (সিরিজ জয়) শেষ করে তারপর উদ্‌যাপন করতে চায়। আমাদের কাজ এখনো বাকি আছে, সেটা সবাই বুঝতে পারছে।’

উদ্‌যাপন নিয়ে সুমন আরও যোগ করেন, ‘এই মুহূর্তে দলের অবস্থা খুবই ভালো। তবে অতিরিক্ত আত্মবিশ্বাস কিংবা অতিরিক্ত উচ্ছলতা নেই। মাঠে আমরা উদ্‌যাপন করেছি, হইচই করেছি, মজা করেছি। তার পর থেকে সবকিছু স্বাভাবিকভাবেই নিচ্ছি। এটা একটা পেশাদার জায়গা। এখানে সবাই অনেক পেশাদার মানসিকতার।’

চতুর্থ দিনে ম্যাচ শেষ হওয়ায় একটা দিন বাড়তি বিশ্রাম পেয়েছে বাংলাদেশ। গতকাল হোটেলে বিশ্রাম নিয়েই সময় কেটেছে শান্ত, মিরাজ, হাসানদের; দুপুরে দল বেঁধে খেতে গেছেন ডারউইনের সিটি সেন্টারের মিচেল স্ট্রিটে। দ্বিতীয় টেস্ট খেলতে আজ ম্যাকাইয়ের বিমান ধরবে তাঁরা। গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় পরের টেস্ট শুরু শুরু আগামী শনিবার। ডারউইনে জয়ের পর বাংলাদেশ যে সিরিজ হারছে না, সেটা নিশ্চিত। সিরিজ জিততে ম্যাকাইতে হার এড়ালেই চলবে। অন্যদিকে ধবলধোলাইয়ের শঙ্কায় থাকা অস্ট্রেলিয়ার সামনে জয়ের বিকল্প নেই। প্রথম টেস্ট হারার পর স্বাগতিকেরা যে বাংলাদেশকে মরণ কামড় দেবে, সেটা বুঝতে বাকি থাকার কথা না। অজিরা দ্বিতীয় টেস্ট ঘুরে দাঁড়ানোর ছক কষলেও ম্যাকাইতে না গিয়ে আগেই কিছু ভাবতে চায় না বাংলাদেশ।

সুমন বলেন, ‘আমরা এখন দ্বিতীয় ম্যাচ নিয়ে চিন্তাভাবনা শুরু করিনি। প্রথম টেস্ট শেষ হলো। ম্যাকাইতে গিয়েই পরবর্তী ম্যাচ নিয়ে পরিকল্পনা শুরু করব। আজকে (কাল) পুরোপুরি বিশ্রাম ছিল। সবাই বিশ্রাম নিয়ে কাটিয়েছে। দ্বিতীয় টেস্ট নিয়ে আমাদের যে পরিকল্পনা বা চিন্তাভাবনা, সেটা ম্যাকাইতে গিয়েই শুরু করব।’

ডারউইন টেস্টে বাংলাদেশের জয়ে বড় অবদান ছিল মেহেদী হাসান মিরাজের। ৬৫ রানের ইনিংস খেলার পর দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং ধসিয়ে দেন তিনি। হাসান মাহমুদ ম্যাচসেরার পুরস্কার জিতলেও এই জয়ে আলাদাভাবেই নিতে হবে মিরাজের নাম। সুমনের মতো এই অলরাউন্ডারও ম্যাকাইতে জয়ের বিকল্প কিছু ভাবছেন না। আইসিসির ওয়েবসাইটকে মিরাজ বলেন, ‘অবশ্যই আমরা সেভাবেই (সিরিজ জয়ের কথা) ভাবছি এবং যে পরিকল্পনা নিয়ে এগিয়েছি, সেটাতেই মনোযোগ ধরে রাখতে চাই। প্রথম ম্যাচ জেতার পর আমাদের সামনে আরও বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। তবে টেস্ট ম্যাচ জেতা কখনোই সহজ নয়। এই মুহূর্তে আমরা শুধু এই ধারাবাহিকতা ধরে রাখতে চাই। পরের ম্যাচ নিয়ে পরে পরিকল্পনা করব।’