পাকিস্তানের উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ানকে নিয়ে ধোঁয়াশা যেন কাটছেই না। একের পর এক তথ্য উঠে আসছে সামনে। এবার জাতীয় তদন্ত সংস্থাকে (এনসিসিআইএ) পাল্টা চ্যালেঞ্জ করে বসলেন। সাইবার ক্রাইম বিভাগের সঙ্গে দেখা করবেন বলে জানা গেছে।
রিজওয়ানের বিরুদ্ধে অনলাইনে বেটিং ও জুয়া-সংক্রান্ত কর্মকাণ্ডের অভিযোগ চলছে। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর বিষয়ে ব্যাখ্যা চেয়ে এনসিসিআইএর সঙ্গে যোগাযোগ করবেন বলে আজ জিও সুপারকে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো। স্থানীয় সংবাদমাধ্যমে তাঁর বিরুদ্ধে যেসব অভিযোগ ছড়িয়ে পড়েছে, সেগুলোর মধ্যে অসহযোগিতামূলক আচরণের কারণে তদন্ত বাধাগ্রস্ত হওয়ার দাবিও উঠেছে। এ ব্যাপারে জানতে এনসিসিআইয়ের কাছে পাকিস্তানি উইকেটরক্ষক ব্যাটার আনুষ্ঠানিকভাবে চিঠি দেবেন বলে সূত্রে জানা গেছে।
রিজওয়ান প্রথমবার এনসিসিআইয়ে হাজিরা দেওয়ার সময় তদন্তকারীদের তাঁর ব্যক্তিগত মোবাইল ফোন স্বেচ্ছায় দিয়েছিলেন। এমনকি তিনি তাঁর আইফোনের পাসওয়ার্ডও দিয়েছিলেন। তবে তদন্ত সংস্থার কাছে প্রথমবার হাজির হওয়ার পর আর কোনো নোটিশ পাননি। এমনকি কথিত অসহযোগিতার বিষয়ে তাঁকে লিখিতভাবেও কিছু জানানো হয়নি বলে সূত্রের বরাতে জানিয়েছে জিও সুপার।
রিজওয়ান তদন্তে সহায়তা করতে এখনো প্রস্তুত বলে জানিয়েছেন তাঁর ঘনিষ্ঠ সূত্র। তবে তাঁর বিরুদ্ধে যেসব অভিযোগ করা হয়েছে, সেগুলো বিস্তারিত লিখিতভাবে এনসিসিআইএ যেন জানায়, সেটাই চান তিনি। এর একদিন আগে এনসিসিআইএর সূত্রগুলো জানিয়েছিল, তদন্তকারীরা রিজওয়ানের সঙ্গে বেশ কয়েকবার যোগাযোগ করে তাঁর সহযোগিতা চেয়েছেন। কিন্তু বারবার চেষ্টা করা সত্ত্বেও তাঁর কাছ থেকে ইতিবাচক সাড়া মেলেনি।
এনসিসিআইএর বক্তব্য অনুযায়ী কখনো কখনো তদন্ত কর্মকর্তারা রিজওয়ানের সঙ্গে যোগাযোগ করতে পারেননি। আবার অন্য সময়ে রিজওয়ান জানিয়েছিলেন যে তদন্ত সংস্থাকে জবাব দেওয়ার আগে তাঁর আইনজীবীর সঙ্গে পরামর্শ করবেন। সূত্র জানিয়েছে, রিজওয়ানের মোবাইল ফোনের ফরেনসিক পরীক্ষা তাঁর উপস্থিতিতেই করা হবে।
অন্য উপায়েও ফরেনসিক পরীক্ষা চালানোর সুযোগ এনসিসিআইএর রয়েছে বলে সূত্রের বরাতে জানিয়েছে জিও সুপার। তবে তাতে রিজওয়ানের ফোনের কিছু তথ্য বা ডেটা হারিয়ে যেতে পারে। তাতে দুই পক্ষেরই ক্ষতি হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে।
ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের মাঝপথে পাকিস্তান দল থেকে বাদ পড়ার পর রিজওয়ান সুই নর্দার্ন গ্যাস পাইপলাইনস লিমিটেড (এসএনজিপিএল) দলে যোগ দিয়েছিলেন। কদিন আগে পাকিস্তানি সংবাদমাধ্যম এমন তথ্য জানিয়েছিল। শান মাসুদের পরিবর্তে চলমান আট দলের প্রথম শ্রেণির টুর্নামেন্টে এই এসএনজিপিএলের অধিনায়ক হওয়ার কথা ছিল রিজওয়ানের। কিন্তু মামলা চলমান থাকায় রিজওয়ানের খেলা হয়নি ঘরোয়া ক্রিকেটে।