ডারউইন টেস্টে বাংলাদেশ জিতলেও একমাত্র ইনিংসে ডাক মারেন লিটন দাস। ম্যাকাইতে প্রথম ইনিংসেও রানের খাতা খুলতে পারেননি। দ্বিতীয় ইনিংসেও একই ঘটনার পুনরাবৃত্তি করলেন এই উইকেটরক্ষক ব্যাটার। বাংলাদেশও পড়েছে ইনিংস হারের শঙ্কায়।
১৪৬ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা বাংলাদেশের শুরুটাই ভালো হয়নি। ৩ উইকেট হারিয়ে মধ্যাহ্ন বিরতিতে যায় সফরকারীরা। নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিমের দিকে তাকিয়ে ছিল তারা। দ্বিতীয় সেশনের শুরুতেই উচ্চাবিলাষী হতে গিয়ে ফেরেন অধিনায়ক। এরপর লিটনকেও হারাল বাংলাদেশ। ৬৩ রানে ৫ উইকেট হারানো দলটির সামনে এখন ইনিংস হার এড়ানোই বড় চ্যালেঞ্জ।
অস্ট্রেলিয়ার চেয়ে এখনো ১০৭ রান পিছিয়ে থেকে দ্বিতীয় সেশনে ব্যাট করতে নামে বাংলাদেশ। হাতে ছিল ৭ উইকেট। ২৩ রানে ব্যাট করতে নামা শান্ত আর বেশিদূর যেতে পারেননি। নাথান লায়নের অফস্টাম্পের বাইরের বল কাভারের ওপর দিয়ে উড়িয়ে মারেন। কিন্তু ভালো টাইমিং না হওয়ায় ক্যাচ যায় লং থাকা মিচেল স্টার্কের কাছে। জায়গায় দাঁড়িয়ে সহজে তালুবন্দী করেন এই পেসার।
শান্তর বিদায়ের ধাক্কা সামলে না উঠতেই লিটনকেও হারায় বাংলাদেশ। স্টার্কের বলে খোঁচা মেরে স্লিপে দাঁড়ানো বিউ ওয়েবস্টারের হাতে ধরা পড়েন তিনি।