হোম > খেলা > ক্রিকেট

ভারত সিরিজ শুরুর আগে ধাক্কা খেয়েই চলেছে নিউজিল্যান্ড

ক্রীড়া ডেস্ক    

মার্ক চ্যাপম্যানসহ আরও এক ক্রিকেটার ভারত সিরিজের দল থেকে ছিটকে গেছেন। ছবি: ক্রিকইনফো

শুটিং করতে গিয়ে দুর্ঘটনায় পড়ে আগেভাগেই টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন রাচীন রবীন্দ্র। এবার সিরিজ শুরুর আগমুহূর্তে ছিটকে গেলেন আরও দুই ক্রিকেটার। ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে তাই পরিবর্তন আনতে হলো নিউজিল্যান্ড ক্রিকেটকে (এনজেডসি)।

ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দল থেকে ছিটকে গেছেন মার্ক চ্যাপম্যান ও জ্যাক ফুকস। গত মাসে ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগে বাঁ হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন চ্যাপম্যান। সেই চোট থেকে এখনো সেরে উঠতে পারেননি তিনি। অন্যদিকে সম্প্রতি ক্যান্টারবুরির অনুশীলন সেশনে ডান হিপ ফ্লেক্সরে চোট পান ফুকস।

ফুকস মাঠে কবে ফিরবেন, সে ব্যাপারে নির্দিষ্ট কিছু বলতে পারেনি এনজেডসি। তবে চ্যাপম্যান ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের পর ওয়ানডে সিরিজ খেলতে পারবেন বলে আশা করছে দেশটির ক্রিকেট বোর্ড। নিউজিল্যান্ডের প্রধান কোচ রব ওয়াল্টার বলেন, ‘মার্ক ও জ্যাকের জন্য আমি খুবই হতাশ। তাঁদের দুজনেরই দ্রুত সুস্থতা কামনা করছি।’

জশ ক্লার্কসন, ব্লেয়ার টিকনার ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে সুযোগ পেয়েছেন। নিউজিল্যান্ডের কোচ ওয়াল্টার বলেন, ‘জশ ও ব্লেয়ারের অভিজ্ঞতা ও দক্ষতার ওপর আমরা ভরসা করতে পারি। আমার বিশ্বাস, দুজনই এই সিরিজে সুযোগ পেয়ে দারুণ রোমাঞ্চিত। সিরিজটি দারুণ হবে।’ টিকনার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৮ ম্যাচ খেলেছেন। নিউজিল্যান্ডের জার্সিতে ক্লার্কসন খেলেছেন ১৩ টি-টোয়েন্টি।

রাচীনের দুর্ঘটনা ঘটেছে ১৬ সেপ্টেম্বর। অকল্যান্ডে সেদিন এক শুটিংয়ে ডাইভ দিয়ে ক্যাচ ধরতে গিয়ে চোট পান তিনি। নিরাপত্তার স্বার্থে একটি মাদুর বিছানো হয়েছিল। কিন্তু এমনভাবে মাদুরের ওপর পড়েছিলেন, তাতেই তাঁর ডান কাঁধের হাড় আলাদা হয়ে গেছে। ২৩ সেপ্টেম্বর নিউজিল্যান্ড ক্রিকেট জানিয়েছিল, সুস্থ হতে রাচীনের প্রায় ছয় সপ্তাহ সময় লাগতে পারে। তাতে করে ওয়ানডে সিরিজেও তাঁর খেলা নিয়ে সংশয় রয়েছে। ৪ থেকে ১৫ নভেম্বর হবে ভারত-নিউজিল্যান্ড পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ।

ওয়ানডে সিরিজের আগে সমান পাঁচটি টি-টোয়েন্টি খেলবে ভারত-নিউজিল্যান্ড। ক্রাইস্টচার্চে ২২ অক্টোবর শুরু হবে প্রথম টি-টোয়েন্টি। একই মাঠে ২৪ অক্টোবর হবে দ্বিতীয় টি-টোয়েন্টি। শেষ তিন টি-টোয়েন্টি হবে আলাদা তিন মাঠে। ২৭ অক্টোবর ওয়েলিংটনে হবে তৃতীয় টি-টোয়েন্টি। চতুর্থ টি-টোয়েন্টির ভেন্যু অকল্যান্ড। এই ম্যাচটি মাঠে গড়াবে ৩০ অক্টোবর। ০১ নভেম্বর হ্যামিল্টনে হবে পঞ্চম তথা শেষ টি-টোয়েন্টি।

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য নিউজিল্যান্ডের দল

মিচেল স্যান্টনার (অধিনায়ক), ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল, জশ ক্লার্কসন,ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, বেভন জ্যাকবস, কাইল জেমিসন, অ্যাডাম মিলনে, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, টিম সাইফার্ট, নাথান স্মিথ, ব্লেয়ার টিকনার